২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই মেয়র কাপে ১৬তম জিয়া

জয় দিয়ে মুম্বাই মেয়র কাপ আন্তর্জাতিক জিএম দাবা শেষ করেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ১০ রাউন্ডের এই টুর্নামেন্টে ৭ পয়েন্ট নিয়ে ষোড়শ স্থান পেয়েছেন বাংলাদেশের এই দাবাড়ু।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2016, 10:23 PM

Updated : 12 Apr 2022, 02:14 AM

মুম্বাইয়ে বৃহস্পতিবার দশম রাউন্ডে ভারতের আন্তর্জাতিক মাস্টার তেজা কৃষ্ণাকে হারান জিয়া। সব মিলিয়ে ছয় জয় এবং দুটি করে হার ও ড্র নিয়ে এ টুর্নামেন্ট শেষ করলেন তিনি।
 
একই দিনে স্বাগতিক দেশের গ্র্যান্ডমাস্টার সন্দ্বিপন চান্দার কাছে হেরেছেন নাসির আহমেদ। সাড়ে ৬ পয়েন্ট নিয়ে ২৬তম হয়ে এ আসর শেষ করলেন নাসির।
 
ভারতের আন্তর্জাতিক মাস্টার পি সায়ামনিখিলের কাছে হেরেছেন আমিনুল ইসলাম। ৬ পয়েন্ট নিয়ে ৫৪তম হয়েছেন বাংলাদেশের এই দাবাড়ু।
 
ভারতের তুষার আনন্দের সঙ্গে ড্র করে মেয়র কাপ শেষ করা বাংলাদেশের সিরাজুল কবির ৫ পয়েন্ট নিয়ে ৯৫তম হয়েছেন। দশম রাউন্ডে নেপালের শাহ রাম সুরত প্রসাদকে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে ১৩৮তম হয়েছেন বাংলাদেশের জোয়ার হক প্রধান।
 
৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশের জামাল উদ্দিন ১৫২তম এবং সাড়ে ৩ পয়েন্ট নিয়ে কাজী আফজাল মাহবুব ১৬৩তম হয়েছেন। ৩ করে পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে রুবেল পারভেস ১৭৪তম, আব্দুর রাজ্জাক ১৭৬তম হয়েছেন।
 
এছাড়া আড়াই করে পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে নুরুল ইসলাম মাহিন ১৮২তম, আবুল কাশেম ১৮৪তম, রাজু আহমেদ ১৮৫তম হয়েছেন। ২ পয়েন্ট নিয়ে মনির হোসেন ১৯২তম হয়েছেন।