রেলওয়ের জালে মোহামেডানের ১৯ গোলে জিমিরই ১১টি
তারকা ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমির নৈপুণ্যে বাংলাদেশ রেলওয়েকে উড়িয়ে দিয়েছে মোহামেডানে স্পোর্টিং ক্লাব। দলটির ১৯ গোলের উৎসবে ১১টি গোলই অধিনায়ক জিমির করা।
প্রিমিয়ার ডিভিশন হকি লিগের চলতি টুর্নামেন্টে এটি সর্বোচ্চ ব্যবধানের জয়। আগেরটিতেও পরাজিত দল ছিল রেলওয়ে; প্রতিযোগিতার উদ্বোধনী দিনে আবাহনীর কাছে ১৪-০ গোলে ডুবেছিল তারা।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার ওয়ারীকে উড়িয়ে প্রিমিয়ার ডিভিশন হকি লিগে নিজেদের ষষ্ঠ জয় তুলে নেয় মোহামেডান। দলের জয়ে একটি হ্যাটট্রিকসহ ১১ গোল করেন জিমি। এছাড়া তাসভার আব্বাস ছয়টি এবং লালন ও রুবেল হোসেন একটি করে গোল দেন।
আট ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মোহামেডান। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে ঊষা ক্রীড়া চক্র। এদিকে লিগে টানা আট ম্যাচ হেরে তলানিতে আছে রেলওয়ে।
দ্বিতীয় খেলায় আজাদ এসসি ৩-৩ গোলে বাংলাদেশ এসসির সাথে ড্র করে। আজাদের দেবাশিস কুমার রায়, সজিব হোসেন ও নাসির হোসেন একটি করে গোল দেন। বাংলাদেশ এসসির তিন গোলদাতা সিরাজ আলী, জগজিৎ সিং ও শাহবাজ আলী।
