ঢাকার বাইরে যাচ্ছে প্রিমিয়ার লিগ
প্রিমিয়ার লিগের ম্যাচ আয়োজনের প্রচলিত কাঠামো থেকে বেরিয়ে আসতে চাইছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আর্থিক দিকটি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক দেখার নিশ্চয়তা দিয়েছে। তাতে প্রিমিয়ার লিগকে ঢাকার গণ্ডি থেকে বাইরে নেওয়ার পথটাও খুঁজে পেয়েছে ঘরোয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
লিগের স্বত্ব বিক্রি, এবারের কাঠামো, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের চাহিদা-এমন অনেক বিষয় নিয়ে বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসে নির্বাহী কমিটি। সেখানে সবার সম্মতিতে সাইফ পাওয়ার টেকের কাছে আগামী ৫ বছরের জন্য প্রিমিয়ার লিগের স্বত্ব বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।
বাফুফে সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী সংবাদ সম্মেলনে স্বত্ব বিক্রি নিয়ে বলেন, “২০১৫-১৬ পেশাদার লিগের পৃষ্ঠপোষক, স্বত্ব বিক্রির বিষয়গুলো উপস্থাপন হয়েছিল; নির্বাহী কমিটি অনুমোদন দিয়েছে। ৫ বছরের জন্য আমরা সাইফ পাওয়ার টেকের সঙ্গে চুক্তি সাক্ষর করব আগামী শনিবার।”
প্রিমিয়ার লিগের স্বত্ব কেনা প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক চুক্তি অনুযায়ী প্রতি বছর বাফুফেকে ৪ কোটি করে মোট ২০ কোটি টাকা দেবে বলে জানান মুর্শেদী। ছয়টি ভেন্যুতে হবে লিগের এবারের খেলাগুলো। এ লক্ষ্যে সাতটি ভেন্যু বিবেচনায় রাখার কথাও জানান তিনি।
চুক্তি অনুযায়ী ব্র্যান্ডিংয়ের পুরো বিষয়টি থাকবে স্বত্ব কেনা প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেকের হাতে। এছাড়া টিকেট বিক্রি থেকে আসা আয়ের শতকরা ৭৫ ভাগ সাইফ পাওয়ার টেক ও বাকি ২৫ ভাগ বাফুফের রাখার সিদ্ধান্তও হয়েছে ওই সভায়।
পাঁচটি ভেন্যু ঢাকার বাইরে হওয়ায় এবারের লিগের খেলাগুলোর সিংহভাগই ঢাকার বাইরে হবে। বাফুফের পরিকল্পনা এক একটি ভেন্যুতে এক একটি পর্ব শেষ করা। অবশ্য এবার কোনো দল হোম ভেন্যু রাখতে রাজি হয়নি। তাই হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক খেলার সূচিটা এবার ঠিক করবে বাফুফেই।
বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে মুর্শেদী বলেন, “ইউরোপের মতো সপ্তাহে দুই বা তিন দিন ম্যাচ রাখতে পারব না আমরা। সম্ভব হলে সপ্তাহে সাত দিনই বা কমসেকম ছয় দিন ম্যাচ আয়োজনের পরিকল্পনা আমাদের। সেক্ষেত্রে এক ভেন্যুতে ১২টি দলের টানা খেলা হবে। যে দুটি দল প্রথম দিনে খেলবে, তারা ম্যাচ খেলে পরের ভেন্যুতে রওনা দেবে; সেখানে গিয়ে অনুশীলন শুরু করবে। এভাবে ধারাবাহিকভাবে বিভিন্ন ভেন্যুতে হবে ম্যাচগুলো।”
“ক্লাবগুলোর সঙ্গে বিষয়গুলো নিয়ে আমাদের কথা হয়েছে। তবে আমরা তাদের সঙ্গে আবার বসব; তাদের যাওয়া আসা, থাকা-খাওয়া এসব বিষয় নিয়ে কথা বলব।”
