২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর ফেভারিট ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন

এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের স্বাগতিক ফ্রান্স ও বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিই শিরোপা লড়াইয়ে সবচেয়ে বড় ফেভারিট। বর্তমান চ্যাম্পিয়ন স্পেন ও আন্তোনিও কন্তের দল ইতালিও শিরোপার দাবিদার বলে মনে করেন পর্তুগাল অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2016, 06:45 PM

Updated : 11 Oct 2022, 08:20 PM

ঘরের মাঠের চেনা আবহে দিদিয়ে দেশমের দল ফ্রান্স এবার শিরোপা লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জ জানাবে বলে অনেকেই মনে করেন।

ব্রাজিল বিশ্বকাপের চ্যাম্পিয়ন জার্মানির সম্ভাবনাও কোনো অংশে কম নয়। বাছাইপর্বে গ্রুপ সেরা হলেও পোল্যান্ড ও রিপাবলিক অব আয়ারল্যান্ডের কাছে হেরেছিল তারা, পরে ফ্রান্স ও ইংল্যান্ডের বিপক্ষেও হারে দলটি। তবুও তারকায় ঠাসা ইওয়াখিম লুভের দলকে ফেভারিটের কাতারে রাখতেই হচ্ছে।

আর ইউরোর গত দুবারের চ্যাম্পিয়ন স্পেন ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়লেও আন্দ্রেস ইনিয়েস্তা-সের্হিও রামোস-আলভারো মোরাতাদের নিয়ে গড়া দলটির যথেষ্ট সম্ভাবনা দেখছেন রোনালদো। চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির বড় মঞ্চে জ্বলে ওঠার সামর্থ্যের কথা জানালেন রিয়াল মাদ্রিদ তারকা।

রিয়ালকে একাদশ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা রোনালদো টাইমস অব ইন্ডিয়াকে বলেন, “স্বাগতিক হিসেবে ফ্রান্সের শক্তিশালী একটা দল আছে শেষ পর্যন্ত যাওয়ার।”

“এর পর আমাদের আছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। তারা সব সময় ফেভারিট এবং এবার তারা আরও শক্তিশালী হয়ে টুর্নামেন্টে আসছে। গত দুই ইউরোয় তারা ভালো খেলেছে; ২০০৮ এর ফাইনালে পৌঁছেছিল এবং ২০১২ আসরের সেমি-ফাইনাল খেলেছে।”

“আর তারপর ইতালিকে কিভাবে ভুলবেন? এবং অবশ্যই স্পেন... তারা ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন” যোগ করেন তিন বারের বর্ষসেরা ফুটবলার।

আগামী শুক্রবার শুরু হতে যাওয়া ইউরোর শিরোপা লড়াইয়ে পর্তুগালের গায়ে ফেভারিটের তকমা না থাকলেও অনেকের মতে, গ্রুপ পর্ব থেকে রোনালদোদের নকআউট পর্বে ওঠার পথটা বেশ সোজা। ৩১ বছর বয়সী এই রিয়াল ফরোয়ার্ড অবশ্য তেমনটা মানতে নারাজ।

‘এফ’ গ্রুপে পর্তুগালের তিন প্রতিপক্ষ আইসল্যান্ড, অস্ট্রিয়া ও হাঙ্গেরি।

“আপনাকে খেলতে হবে এবং একটা জয়ের জন্য মাঠে ৯০ মিনিট লড়তে হবে। অস্ট্রিয়া ও হাঙ্গেরি শক্তিশালী দল। তারা অনেককেই চমকে দিতে পারে।"