২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই মেয়র কাপে জিয়ার ড্র, নাসিরের জয়

মুম্বাই মেয়র কাপ আন্তর্জাতিক জিএম দাবায় বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান অষ্টম রাউন্ডে ড্র করেছেন। একই দিনে জিতেছেন বাংলাদেশের আরেক দাবাড়ু নাসির আহমেদ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 11:29 PM

Updated : 12 Apr 2022, 02:13 AM

মুম্বাইয়ে বুধবার অষ্টম রাউন্ডে ভারতের দোদেজা পবনের সঙ্গে ড্র করেন জিয়া। আট রাউন্ড শেষে ৫ পয়েন্ট নিয়ে ৩৮তম স্থানে আছেন এই গ্র্যান্ডমাস্টার।

অষ্টম রাউন্ডের জয়ে জিয়ার ওপরে উঠে এসেছেন নাসির। স্বাগতিক দেশের ক্যান্ডিডেট মাস্টার রওনক সাধ্যনিকে হারিয়ে সাড়ে ৫ পয়েন্ট নিয়ে ৩৬তম স্থানে আছেন বাংলাদেশের এই দাবাড়ু।

একই দিনে ভারতের জিভিতেশ অগ্নিকে হারিয়ে ৫ পয়েন্ট নিয়ে ৫৪তম স্থানে আছেন বাংলাদেশের আমিনুল ইসলাম। আর মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশা শর্মার কাছে হেরে সাড়ে ৩ পয়েন্ট নিয়ে ১১৭তম স্থানে আছেন সিরাজুল কবির।

আগের রাউন্ডের মতো আবারও হেরেছেন বাংলাদেশের জোয়ার হক প্রধান। দীপক কুমারের কাছে হেরে আট রাউন্ড শেষে ৩ পয়েন্ট নিয়ে ১৪২তম স্থানে আছেন তিনি।

আট রাউন্ড শেষে তিন পয়েন্ট নিয়ে বাংলাদেশের জামাল উদ্দিন ১৫৫তম স্থানে আছেন। আড়াই করে পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে কাজী আফজাল মাহবুব ১৭০তম, নুরুল ইসলাম মাহিন ১৭৪তম স্থানে আছেন।