ক্রুইফকেই রাখার ইঙ্গিত বাফুফের
টানা দুই হার দিয়ে শেষ হলো লোডভিক ডি ক্রুইফের ‘সংক্ষিপ্ত’ অধ্যায়। তবে নেদারল্যান্ডসের এ কোচকে দীর্ঘমেয়াদে রাখার ভাবনা আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। আপাতত ক্রুইফ চলে গেলেও শিগগিরই তার ফেরার ইঙ্গিত দিয়েছেন বাফুফে সহ-সভাপতি তাবিথ আওয়াল।
এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফের প্রথম লেগে দুশানবেতে ৫-০ ব্যবধানে হারে বাংলাদেশ। ফিরতি লেগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গত মঙ্গলবার মামুনুলদের হারটি ১-০ গোলের। এ দুই ম্যাচের জন্য ক্রুইফকে কোচ করে এনেছিল বাফুফে।
বুধবার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে ‘বিদায়ী সাক্ষাৎ’ করতে আসেন ক্রুইফ। এর পরই সাংবাদিকদের কাছে নেদারল্যান্ডসের এই কোচকে ফিরিয়ে আনার ইঙ্গিত দেন তাবিথ।
“আজ থেকে তার সঙ্গে আমাদের চুক্তি নাই। তবে আমরা দুই পক্ষ (ক্রুইফ ও বাফুফে) যদি ভুটান ম্যাচের পর কি হবে ঠিক করতে পারি, তাহলে আমরা নতুন চুক্তি করব।”
তাবিথের কথায় এ দুই ম্যাচের জন্যও ক্রুইফকে আনার ইঙ্গিত আছে। ফিরতি লেগের হারে অনেক ইতিবাচক দিক দেখা বাফুফে সহ-সভাপতি দল সম্পর্কে ক্রুইফের জানাশোনার বিষয়টিও বরাবরের মতো বাড়তি গুরুত্ব দিচ্ছেন।
“বাফুফে সভাপতির সঙ্গে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আমাদের কথা হয়েছে; এর মধ্যে এশিয়ান কাপের বাছাই পর্বে ভুটানের বিপক্ষের প্লে-অফ ম্যাচও আছে এবং আশা করি, আমরা বাছাইয়ে উঠব এবং বাছাইয়ের তৃতীয় রাউন্ড খেলার ইচ্ছাও আছে আমাদের।”
দেশে ফিরলেও ক্রুইফ-বাফুফে দুই পক্ষের মধ্যে যোগাযোগ থাকবে নিয়মিত। তাবিথ জানিয়েছেন, ভুটান ম্যাচে নেদারল্যান্ডসের এই কোচ বাংলাদেশের ডাগআউটে দাঁড়াবেন কিনা, তা জানা যাবে আগামী সপ্তাহের মধ্যে।
