হকিতে বড় জয় ঊষা, আবাহনীর
প্রিমিয়ার ডিভিশন হকি লিগে বড় জয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ঊষা ক্রীড়া। শিরোপা লড়াইয়ে তাদের প্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডও বড় ব্যবধানে জিতেছে।
ঊষা অ্যাজাক্স এসসিকে ৫-০ গোলে এবং আবাহনী আজাদ এসসিকে ৬-০ গোলে হারিয়েছে।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মঙ্গলবারের এই জয়ের পর আট ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ঊষা। সমান ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে আবাহনী।
দিনের দ্বিতীয় ম্যাচের ২৬তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে আলিম বেলালের গোলে এগিয়ে যায় ঊষা। ৫০ ও ৬৮তম মিনিটে আরও দুই বার লক্ষ্যভেদে স্কোরলাইন ৩-০ করেন বেলালই। পরে পুস্কর ক্ষীসা মিমো জোড়া গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মামুনুর রশীদের দল।
দিনের প্রথম ম্যাচে আবাহনীর জয়ে পাকিস্তানের মোহাম্মদ ইরফান ও শাকিল আব্বাসি দু’টি করে গোল করেন। হাবুল ও ফরহাদ আহমেদ শিটুল জয়ী দলের অপর দুই গোলদাতা।
