২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নতিতে চোখ রেখে হাইতির মুখোমুখি ব্রাজিল

হাইতির বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের বাঁচামরার লড়াই নয়। কিন্তু কোপা আমেরিকার শতবর্ষী আসরে নিজেদের প্রথম ম্যাচে একুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র দুঙ্গা আর তার দলকে চাপের মুখে ফেলেছে। প্রতিযোগিতার আটবারের চ্যাম্পিয়নরা তাই তাদের পরের ম্যাচটিকে নিচ্ছে সব ক্ষেত্রে উন্নতি করার উপলক্ষ হিসেবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2016, 08:14 PM

Updated : 11 Oct 2022, 08:20 PM

পুরনো খবর:

ধীরে ধীরে উন্নতি করবে ব্রাজিল: দুঙ্গা
হাইতির বিপক্ষে নিখুঁত ফুটবল খেলতে চায় ব্রাজিল

যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি।

দেশের মাটিতে ২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে সেমি-ফাইনাল থেকে ছিটকে পড়া; এর পর গত বছরের কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হার; আর ২০১৮ রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে বাজে শুরু। সব মিলিয়ে নিজেদের ফিরে পাওয়ার চাপ নিয়েই এবারের কোপা আমেরিকা শুরু করে ব্রাজিল।

এই অভিযানে দুঙ্গার দলকে নামতে হয়েছে অধিনায়ক নেইমারকে ছাড়াই। তারকা এই ফরোয়ার্ড আগামী অগাস্টে দেশের মাটিতে অলিম্পিক ফুটবলে খেলবেন।

চূড়ান্ত দল ঘোষণার পর চোটের কারণে একে একে ছিটকে পড়েন মিডফিল্ডার দগলাস কস্তা, কাকা, রাফিনিয়া আর লুইস গুস্তাভো।

এর পরও অবশ্য ঝলক দেখানোর মতো খেলোয়াড় ব্রাজিল দলে আছে। কিন্তু একুয়েডরের বিপক্ষে প্রথম ম্যাচে নিজেদের মেলে ধরতে পারেননি উইলিয়ান, জোনাস, গাব্রিয়েলরা।

নিষ্প্রাণ সেই ড্রর পর চারদিক থেকে সমালোচনার তির ধেয়ে আসে ব্রাজিল কোচ দুঙ্গার দিকে। হাইতি ম্যাচের আগে তার কণ্ঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়।

সবশেষ ফিফা র‌্যাংকিংয়ে ৭৪তম স্থানে থাকা হাইতির বিপক্ষে জিতে ঘুরে দাঁড়ানো এই ব্রাজিলের জন্যও কঠিন হওয়ার কথা নয়। এর আগে দুবার ক্যারিবিয়ান অঞ্চলের এই দলের মুখোমুখি হয়ে দুটি ম্যাচেই জেতে ব্রাজিল। এই দুই ম্যাচে হাইতিকে ১০টি গোল দেওয়ার বিপরীতে নিজেদের জাল অক্ষত রেখেছে তারা। 

তবে ব্রাজিলের কোচ বুঝতে পেরেছেন, হাইতির বিপক্ষে জয় পেলেই শুধু চলবে না, কোপা আমেরিকায় ভালো কিছু করতে হলে আরও অনেক উন্নতি করতে হবে দলকে। হাইতি ম্যাচে সেদিকেই দৃষ্টি ব্রাজিল কোচের।

“আমাদের সব কিছুতে উন্নতি করতে হবে। শুধু রক্ষণ বা আক্রমণের বিষয় নয় এটা, দল হিসেবে উন্নতি করতে হবে আমাদের।”

নিজেদের প্রথম ম্যাচে পেরুর কাছে ১-০ গোলে হেরে যাওয়া হাইতিও অবশ্য ব্রাজিলের বিপক্ষে কিছু পাওয়ার আশা নিয়েই খেলতে নামবে।