২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার নিজেদের মাঠেও তাজিকিস্তানের কাছে হার

বিশ্বকাপ বাছাইয়ে অন্তত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ড্রয়ের তৃপ্তি ছিল। এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফ ম্যাচে সেটুকুও পেল না বাংলাদেশ। দুশানবেতে ভরাডুবির পর মঙ্গলবার নিজেদের মাটিতে ১-০ গোলে তাজিকিস্তানের কাছে হেরেছে লোডভিক ডি ক্রুইফের শিষ্যরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2016, 06:45 PM

Updated : 11 Oct 2022, 08:20 PM

অবশ্য তাজিকিস্তানের কাছে প্লে-অফ হারলেও এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার সুযোগ থাকছে বাংলাদেশের। সে ক্ষেত্রে ৬ সেপ্টেম্বর ঢাকায় ও ১১ অক্টোবর ভুটানের মাঠে প্লে-অফের দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে জিততে হবে মামুনুলদের।

ফিরতি লেগের শুরুর একাদশে বড়সড় পরিবর্তন আনেন ক্রুইফ। প্রথম লেগে দুশানবেতে ৫-০ ব্যবধানে গুঁড়িয়ে যাওয়া দলের সেরা একাদশ থেকে ৫ জনকে বাদ দেন নেদারল্যান্ডসের এই কোচ। গোলপোস্টের নিচে শহিদুল ইসলামের জায়গায় আসেন আশরাফুল ইসলাম রানা্ এছাড়া শাহেদুল আলম, নাসিরুল ইসলাম, ফয়সাল মাহমুদ ও আরিফুল ইসলামের বদলে নাসিরউদ্দিন চৌধূরী, সোহেল রানা, মামুন মিয়া ও ইমন মাহমুদকে নামান কোচ। অবশ্য এই বদলে লাভ হলো না।

সপ্তম মিনিটেই এগিয়ে যায় তাজিকিস্তান। মামুনুলের অকারণ ব্যাক পাস দ্রুত বিপদমুক্ত করতে গিয়ে ডি-বক্সের একটু ওপরে প্রতিপক্ষের এক ফুটবলারকে ফাউল করেন রায়হান হাসান। আখতাম নাজারভের বাঁকানো ফ্রি-কিক রক্ষণ দেয়ালে লেগে গোলরক্ষক রানাকে পরাস্ত করে।

একটু পর কর্নার থেকে ভেসে আসা বলে জাহঙ্গির ইরগাসেভের শট আটকে ব্যবধান দ্বিগুণ হতে দেননি স্বাগতিক গোলরক্ষক।

দুশানবের প্রথম লেগে বড় ব্যবধানে জিতে বাছাই পর্বে এক পা দিয়ে রাখা তাজিকিস্তান বঙ্গবন্ধুতেও এগিয়ে যাওয়ার পর খেলার গতি কমায়। এ সুযোগে বলের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। কিন্তু নাবীব নেওয়াজ জীবন ও জুয়েল রানা কোনো সুযোগই কাজে লাগাতে পারেননি।

১৯তম মিনিটে বাঁ দিক থেকে জীবনের শট সহজে ফেরান তাজিকিস্তান গোলরক্ষক। ২৩তম মিনিটে জীবনের বাড়ানো বল বক্সের ভেতরে জুয়েল নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হলে আরেকটি সুযোগ নষ্ট হয় স্বাগতিকদের। প্রথমার্ধে বাংলাদেশের সেরা সুযোগটি নষ্ট হয় ৩৩তম মিনিটে। ইমন বাবুর নিচু ক্রসে জীবনের শট এক ডিফেন্ডারের গায়ে লেগে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

দ্বিতীয়ার্ধের ৬৬তম মিনিটে বদলি ডিফেন্ডার দালেরজোন তুখতাসুনভের বুদ্ধিদ্বীপ্ত সেভ জয়ের পথে রাখে তাজিকিস্তানকে। বাঁ দিক থেকে জামাল ভূইয়ার লবে তপু বর্মনের হেডে বল যাচ্ছিল জালে; শেষ মুহূর্তে দালেরজোন মাথা ছুঁইয়ে কর্নারের বিনিময়ে ফেরান।

৮৩তম মিনিটে মামুনুলের দূরপাল্লার শট প্রতিপক্ষ গোলরক্ষক ডান দিকে ঝাঁপিয়ে পড়ে আটকান। একটু পর মামুনুলকে তুলে নিয়ে ফরোয়ার্ড রাশেদ তুর্য্যকে নামান কোচ। তবে জাতীয় দলের হয়ে অভিষেকের ম্যাচটি শেষ পর্যন্ত হারের কষ্ট দিয়েই শেষ হয়েছে ‍তুর্য্যর।

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ে তাজিকিস্তানের কাছে দুশানবেতে ৫-০ গোলে হারলেও নিজেদের মাঠে ১-১ ড্র করেছিল বাংলাদেশ।

একই প্রতিপক্ষের কাছে এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফে দুশানবেতে ৫-০ ভরাডুবির পর এবার ঢাকাতেও হারল বাংলাদেশ। সব মিলিয়ে ১০ ম্যাচের পরিসংখ্যানে এটি তাজিকদের কাছে বাংলাদেশের সপ্তম হার।