জয় দিয়ে শেষ ইতালির ইউরোর প্রস্তুতি
ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের মূল লড়াই শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে ইতালি।
ভেরোনায় নিজেদের মাঠে গত সোমবার ইতালিকে জেতাতে গোল দুটি করেন আন্তোনিও কানদ্রেভা ও দানিয়েলে দে রস্সি।
ফ্রান্সের লিওতেঁ আগামী সোমবার বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো অভিযান শুরুর আগে দলের কিছু খেলোয়াড়কে যাচাই করে নিতে চেয়েছিলেন ইতালির কোচ আন্তোনিও কোন্তে।
ফিনল্যান্ডের বিপক্ষে নিয়মিত গোলরক্ষক জানলুইজি বুফ্ফনের বদলে সালভাতোরে সিরিগুকে জায়গা দেন কোন্তে। আক্রমণভাগে এদিন জুটি বাধেন সিমোনে জাজা ও চিরো ইম্মোবিলে।
ফিনল্যান্ডের রক্ষণে আতঙ্ক ছড়াতে পারলেও স্কোরশিটে নাম লেখাতে পারেননি ইউভেন্তুসের ফরোয়ার্ড জাজা। তুলনায় অনেকটাই নিষ্প্রভ ছিলেন তোরিনোর ফরোয়ার্ড ইম্মোবিলে।
২৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইতালিকে এগিয়ে দেন লাৎসিওর উইঙ্গার কানদ্রেভা। ফিনল্যান্ডের এক খেলোয়াড় বক্সের মধ্যে তাকে ফেলে দেওয়ায় পেনাল্টিটি পেয়েছিল ইউরোর ১৯৬৮ সালের চ্যাম্পিয়ন ইতালি।
৭১তম মিনিটে এএস রোমার মিডফিল্ডার দে রস্সির করা গোলটিতে অবদান ছিল কানদ্রেভার। তার ভালো একটি ক্রস থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করা গোলটি করেন দে রস্সি।
