কঠিন চ্যালেঞ্জের খোঁজেই বার্সা ছাড়ার সিদ্ধান্ত আলভেসের
বার্সেলোনায় খেলাটা খুব সহজ হয়ে গিয়েছিল দানি আলভেসের জন্য। তাই নিজেকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করতেই কাতালান ক্লাবটি ছেড়ে অন্য কোথাও যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ব্রাজিলের এই ডিফেন্ডার।
সম্প্রতি বার্সেলোনা কর্তৃপক্ষ নিশ্চিত করে কাতালান ক্লাবটির হয়ে ২৩টি শিরোপা জেতা আলভেস কাম্প নউ ছাড়ছেন।
ক্যালিফোর্নিয়ার প্যাসেডিনার রোজ বোল স্টেডিয়ামে বাংলাদেশ সময় গত রোববার সকালে কোপা আমেরিকার শতবর্ষী আসরে নিজেদের প্রথম ম্যাচে একুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করে ব্রাজিল।
সেই ম্যাচ শেষে আলভেস বলেন, “জীবনে আমাদের স্বস্তির জায়গার বাইরেও যেতে হয়। বার্সেলোনা অসাধারণ একটি ক্লাব, কিন্তু বিষয়গুলো খুব সহজ হয়ে যাচ্ছিল।”
আলভেস ইতালির চ্যাম্পিয়ন ইউভেন্তুসে যাচ্ছেন বলে জোর আলোচনা চলছে। এর আগে এই ডিফেন্ডার নিজেও তা নিশ্চিত করেছিলেন। তবে ইতালির ক্রীড়া দৈনিক গাজ্জেত্তা দেল্লো স্পোর্তকে ইউভেন্তুসে যাওয়ার বিষয়ে কিছু বলেননি তিনি।
“যেটা নিশ্চিত তা হলো আমি বার্সেলোনায় থাকছি না। আমি সব সময় নতুন চ্যালেঞ্জ নিতে চাই।”
যেখানেই যান না কেন বার্সেলোনার মতো সাফল্য পাবেন বলে বিশ্বাস করেন ৩৩ বছর বয়সী আলভেস।
“আমি আশা করি, ইউরোপের অন্য ক্লাবকেও বার্সেলোনার মতো সাফল্য এনে দিতে পারব।”
