২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উরুগুয়েকে হারিয়ে দারুণ সূচনা মেক্সিকোর

ম্যাচের শেষে দিকে দুই গোল করে কোপা আমেরিকায় দারুণ সূচনা করেছে মেক্সিকো। টুর্নামেন্টে সবচেয়ে বেশি বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে ৩-১ গোলে হারিয়েছে উত্তর আমেরিকার সেরা দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2016, 11:03 AM

Updated : 20 Aug 2022, 12:54 PM

অ্যারিজোনার গ্লেনডেইলে বাংলাদেশ সময় সোমবার ভোরে উত্তেজনাপূর্ণ এই ম্যাচে দুই দলেরই এক জন করে খেলোয়াড় লাল কার্ড দেখেন।

চোটের কারণে ছিলেন না দলের সবচেয়ে বড় তারকা লুইস সুয়ারেস। ম্যাচ শুরুর আগেও যেন ভাগ্য পক্ষে ছিল না উরুগুয়ের; আয়োজকদের ভুলে তাদের জাতীয় সঙ্গীতের বদলে বাজে চিলির জাতীয় সঙ্গীত!

এরপর দুর্দান্ত শুরু করে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় মেক্সিকো। বাঁ দিক আন্দ্রেস গুয়ার্দাদোর বাঁকানো ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন আলভারো পেরেইরা।

আধ ঘণ্টার মাথায় কাছ থেকে নেওয়া এদিনসন কাভানির জোরাল শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে মেক্সিকোকে রক্ষা করেন গোলরক্ষক আলফ্রেদো তালাভেরা।

বিরতির ঠিক আগে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বহিষ্কৃত হন উরুগুয়ের মাতিয়াস ভেসিনো। ৭৩তম মিনিটে ফাউল করে গুয়ার্দাদো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে খেলোয়াড় সংখ্যায় সমতা আসে। ওই ফাউলের জন্য পাওয়া ফ্রি-কিক থেকে দুর্দান্ত হেডে স্কোরেও সমতা ফেরান দিয়োগো গদিন।

৮৫তম মিনিটে কর্নার থেকে ডি-বক্সে বল পেয়ে কোনাকুনি জোরালো শটে লক্ষ্যভেদ করেন মেক্সিকো অধিনায়ক রাফায়েল মার্কেস।

যোগ করা সময়ে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা যখন আবার সমতায় ফেরার জন্য মরিয়া, তখনই দিয়েগো পেরেসের ফ্লিকে হেড করে মেক্সিকোর জয় নিশ্চিত করেন এররেরা।

‘সি’ গ্রুপের অন্য ম্যাচে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়েছে ভেনেজুয়েলা।