মারেকে হারিয়ে স্বপ্ন পূরণ জোকোভিচের
চ্যাম্পিয়নশিপ পয়েন্টটা পেয়েই লাল মাটিতে সটান শুয়ে পড়লেন; এই দিনের অপেক্ষায় নোভাক জোকোভিচ ছিলেন অনেকগুলো বছর। অ্যান্ডি মারেকে হারিয়ে প্রথমবারের মতো জিতলেন ফরাসি ওপেন। পূর্ণ হলো ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম।
রোঁলা গারোয় রোববারের ফাইনালে র্যাংকিংয়ের শীর্ষ তারকাকে প্রথম সেটে অনায়াসে হারিয়ে দিয়েছিলেন মারে। তবে দারুণভাবে ঘুরে দাঁড়ান সার্বিয়ার তারকা জোকোভিচ; জেতেন ৩-৬, ৬-১, ৬-২, ৬-৪ গেমে।
ক্যারিয়ারে জোকোভিচের এটা দ্বাদশ গ্র্যান্ড স্ল্যাম জয়। অস্ট্রেলিয়ান ওপেনে ছয়বার, উইম্বলডনে তিনবার ও ইউএস ওপেনে দুইবার চ্যাম্পিয়ন হলেও একমাত্র ফ্রান্সের এই গ্র্যান্ড স্ল্যামেই শিরোপা অধরা ছিল তার।
এখানে ২০১২, ২০১৪, ২০১৫ আসরেও ফাইনালে উঠেছিলেন জোকোভিচ। অবশেষে চতুর্থ প্রচেষ্টায় ক্লে কোর্টের এই টুর্নামেন্টে সাফল্য পেলেন তিনি।
মারের বিপক্ষে জোকোভিচের এটা ৩৪ ম্যাচে ২৪তম জয়। দুটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী মারেকে হারিয়েই বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে ষষ্ঠ শিরোপা জিতেছিলেন জোকোভিচ।
ম্যাচ শেষে আপ্লুত জোকোভিচ বলেন, “এটা আমার জন্য বিশেষ এক মুহূর্ত, আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ঘটনা। …আজকের মতো আমি কখনও রোঁলা গারোতে অনুভব করিনি, আমি দর্শকদের ভালোবাসা অনুভব করেছি।”
এক বছরে না হলেও জোকোভিচ টানা চারটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন। ছেলেদের টেনিসে একই সঙ্গে চারটি গ্র্যান্ড স্ল্যামেরই চ্যাম্পিয়ন এর আগে কেবল হয়েছিলেন রড লেভার ও ডন বাজ।
জোকোভিচকে এই দারুণ কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়ে মারে বলেন, “ব্যক্তিগতভাবে ম্যাচে হারতে খারাপ লাগে; কিন্তু আজকের দিনটার অংশ হতে পেরে আমি গর্বিত।”
