জিততেই এসেছে তাজিকিস্তান
আগেরবারের মতো ড্র নয়, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে এবার জয় নিয়ে ফেরার লক্ষ্য জানিয়েছেন তাজিকিস্তানের টিম ম্যানেজার কারিমভ উলুগবেক।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী মঙ্গলবার এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফ ম্যাচের ফিরতি লেগে বাংলাদেশের মুখোমুখি হবে তাজিকিস্তান। এ ম্যাচ সামনে রেখে রোববার বুয়েট মাঠে অনুশীলনের ফাঁকে লক্ষ্যটা জানালেন কারিমভ।
“ব্যতিক্রম কিছু নয়, আমি অবশ্যই জিততে চাই। এখানে আমরা জিততে এসেছি। প্রথম ম্যাচে আমরা ভালো ফল পেয়েছি। আশা করি, আগামী মঙ্গলবার আমরা আরেকটা ভালো ফল পাব।”
গত বৃহস্পতিবার প্রথম লেগে ম্যাচে দুশানবেতে ৫-০ গোলে বাংলাদেশকে হারায় তাজিকিস্তান। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ে গত বছর জুনে একই মাঠে মামুনুলদের বিপক্ষে একই ব্যবধানে জিতেছিল তাজিকরা।
বিশ্বকাপ বাছাইয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এগিয়ে গিয়েও তাজিকিস্তানের সঙ্গে ১-১ ড্র করেছিল বাংলাদেশ। এবার আর ড্র নিয়ে ফিরতে রাজি নয় অতিথি দলটি। তবে দুশানবের আগের ম্যাচের ধাক্কা ফিরতি লেগে কাটিয়ে উঠতে মামুনুলরা যে মরিয়া থাকবে, সেটা জানা কারিমভের।
“দুই অ্যাওয়ে ম্যাচের মাঝে আমরা দুইবার প্রধান কোচ বদল করেছি। দলেও কিছু অদলবদল হয়েছে। এখন দলে অনেক তরুণ খেলোয়াগ আছে। আমি মনে করি, বাংলাদেশ দলেও নতুন খেলোয়াড় আছে এবং নিশ্চিতভাবে সেখানেও কিছু পরিবর্তন হয়েছে। কিন্তু আমরা জয়ের জন্য এসেছি।”
