২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাজিকিস্তানে ভরাডুবি পুষিয়ে নেওয়ার বিশ্বাস ক্রুইফের

দুশানবের ৫-০ গোলের ভরাডুবি ফিরতি লেগে পুষিয়ে নেওয়া কঠিন হলেও ‘সম্ভব’ মনে করেন লোডভিক ডি ক্রুইফ। তবে কঠিন চাওয়া পূরণে জাদু দরকার বলেও জানান বাংলাদেশ জাতীয় দলের এই ডাচ কোচ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2016, 08:55 PM

Updated : 11 Oct 2022, 08:20 PM

আগামী মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফের ফিরতি লেগে তাজিকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচ সামনে রেখে রোববার সাংবাদিকদের কাছে বরাবরের মতো ক্রুইফ আশার কথা শোনান।

“(দুশানবের ম্যাচ নিয়ে) আমি এখনও ক্ষুব্ধ। যদি আমাকে জিজ্ঞেস করেন ৫-০ হারের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব কিনা, আমি বলব এটা কঠিন; কিন্তু ফুটবলে সবকিছুই সম্ভব। আমাদের এটা অতিক্রম করতে হলে জাদুর প্রয়োজন। এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভালো ফুটবল খেলা এবং সবাইকে দেখানো আমাদের ভালো খেলোয়াড় আছে। গতিময় এবং ভালো ফুটবল খেলার সামর্থ্যও আছে।”

“৫-০ হার যেন মাথায় হাতুড়ি পড়া। টিটো এবং আমি ম্যাচটি একাধিকবার দেখেছি। সেট পিস থেকে আমরা সহজ গোল খাচ্ছি। এটা হতাশাজনক। আমি ছেলেদের কাছ থেকে আরও বেশি চেয়েছিলাম। (ফিরতি লেগের ম্যাচে) প্রথম কাজ হলো পরিকল্পনা এবং ট্যাকটিক্সের সঙ্গে লেগে থাকা। নব্বই বা তারও বেশি সময়ে আমি যেটা চাইছি, খেলোয়াড়দের সেটা করতে হবে। ম্যাচটা বের করে আনা এবং ৫-০ অতিক্রম করা আমাদের লক্ষ্য; কোচ হিসেবে আমি সেটাই চাইছি কিন্তু এটা কঠিন।”

তাজিকিস্তান থেকে ফিরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দেখা করার কথা জানিয়ে ক্রুইফ বলেন, “আমরা শেষ ম্যাচ নিয়ে কথা বলেছি, যেটা ছিল হতাশাজনক এবং আমরা এখনও সেট পিস থেকে গোল খাচ্ছি। এটাই গত এক বছরের গল্প যে, আমরা খুব সহজ সেট-পিস থেকে গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল খাচ্ছি।”

ম্যাচের পুরোটা সময় মামুনুলদের মনোযোগ ধরে রাখতে না পারার কথা অতীতে আলোচনায় এসেছে। পুরনো কথা নতুন করে এদিন আবারও বলছেন নেদারল্যান্ডসের এই কোচ।

“যখন চাপ থাকবে, (মনোযোগ ধরে রাখতে না পারলে) আপনি ম্যাচে টিকে থাকতে পারবেন না; লড়াই করতে পারবেন না। আমরা তাদেরকে অনুশীলন করিয়েছি, তথ্য উপাত্ত দিয়েছি, ভিডিও দেখিয়েছি, বারবার ছেলেদের বলেছি কি করতে হবে, কিভাবে প্রতিক্রিয়া দেখাতে হবে কিন্তু এখনও আমরা সেট পিস থেকে গোল খাচ্ছি। এটার মানে হলো ছেলেরা পুরো ৯০ মিনিট ম্যাচে মনোযোগ ধরে রাখতে পারে না।”

রাশিয়ান লিগের খেলোয়াড়দের নিয়ে গড়া তাজিকিস্তানের খেলায় মুগ্ধ হওয়ার কথা দুশানবেতে থাকতে বলেছেন ক্রুইফ। ঢাকায় ফিরেও তা বললেন। তবে ফিরতি লেগে জয়ের স্বপ্ন দেখলেও বাংলাদেশ কোচ স্বীকার করলেন তাজিকিস্তানের পর্যায়ে নেই তার দল।

“বিদেশি লিগে খেলোয়াড়দের নিয়ে তাজিকরা খুবই ভালো করেছে। … আমাদের স্বীকার করতে হবে আমরা সেই পর্যায়ে নেই। তারা এখানে এসেছে এবং নতুন পরিবেশে তাদের কাজ করতে হবে। এটা ভিন্ন একটা ম্যাচ হবে।”

“অনুশীলনের প্রথম দিন থেকে আমার মনে হয়েছে খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করছে। ছেলেদের নিষ্ঠা আছে এবং তাদের নির্দিষ্ট একটা পর্যায়ে আনতে আমি আমার সব কিছু দিচ্ছি। এটাই আমার কাজ, দায়িত্ব এবং অন্য কোচরা লড়াইয়ের জন্য দলকে যেভাবে প্রস্তুত করে, আমিও সেভাবে করছি।”

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাজিকিস্তানের সঙ্গে ১-১ ড্র করেছিল বাংলাদেশ। ওই ম্যাচ থেকেও অনুপ্রেরণা নিচ্ছেন ক্রুইফ। তবে কোচ আবার আতঙ্কের কথাও শোনালেন সাংবাদিকদের।

“আমার যেটা বুঝতে কষ্ট হচ্ছে, সেটা হচ্ছে ১২ মাস আগে আমরা ড্র করেছিলাম। এ মুহূর্তে আমি আমাদের খেলোয়াড়দের মান জানি। ১২ মাস আগে তারা যেমন ছিল, এখন তারা ততটা ভালো নেই।”

দলের ‘মান’ উন্নয়নে মাশুক মিয়া জনির মতো তরুণদের নিয়ে নতুন করে চেষ্টা করার কথাও জানান ক্রুইফ। কোচের চোখে আরও কিছু উঠতি ফুটবলার আছে কিন্তু এখনই তারা জাতীয় দলে খেলার মতো যোগ্য নন বলে জানান তিনি।

“নতুন যারা, তারা কেবল প্রাথমিক পাঠ শেষ করেছে, আমার মতে, মাঝের পর্যায়গুলোকে শেষ না করে তারা বিশ্ববিদ্যালয়ে আসতে পারে না।”