ভিসা জটিলতায় আটকে গেলেন সিদ্দিকুর
ভিসা জটিলতার কারণে অস্ট্রিয়ায় ইউরোপিয়ান ট্যুরে খেলতে যাওয়া হচ্ছে না বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমানের। রোববার রাতেই তার অস্ট্রিয়ার পথে রওনা দেওয়ার কথা ছিল।
৯ জুনে অস্ট্রিয়ায় শুরু হবে ইউরোপিয়ান ট্যুরের টুর্নামেন্ট লাইওনেস ওপেন। ১০ লাখ ইউরো প্রাইজমানির এ প্রতিযোগিতায় খেলতে যাওয়ার জন্য বিমানের টিকেটও কেটে রেখেছিলেন সিদ্দিকুর।
বাংলাদেশে অস্ট্রিয়ার দূতাবাস না থাকায় ফরাসি দূতাবাসের মাধ্যমে ভারতের অস্ট্রিয়ান দূতাবাসে যোগাযোগ করেন সিদ্দিকুর। কর্তৃপক্ষের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার কারণে ক্যাডিসহ তিনজনের টিকেটও কেটে রেখেছিলেন তিনি।
ভিসা জটিলতায় ইউরোপিয়ান ট্যুরে খেলার সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার কথা জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সিদ্দিকুর বলেন, “আমাকে বলা হয়েছিল আজ ৪টার সময় ভিসা দেবে। এজন্য টিকেটও কেটে রেখেছিলাম। দুপুর আড়াইটার সময় ফোন দিয়ে দূতাবাস থেকে জানানো হলো ভিসা হয়নি; পরে ফোন দেবে।”
“যদি কালও আমাকে ওরা ভিসা দেয়, লাভ হবে না। কেননা, ৯ তারিখে শুরু হবে টুর্নামেন্ট। ৭ তারিখে শুরু আমার প্র্যাকটিস রাউন্ড। তো আজ রওনা না দিতে পারলে আমি অনুশীলন করতে পারব না। অনুশীলন করতে না পারলে আমি খেলব কি?”
পরিস্থিতির কারণে তাই শেষ পর্যন্ত লাইওনেস ওপেন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তই নিয়েছেন সিদ্দিকুর।
“ইউরোপিয়ান ট্যুরে খেলার সুযোগ হাতছাড়া হলো কিন্তু কিছু তো আর করার নেই। তাই আমিও টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি তাদের।”
আগামী ১৬ জুন থেকে শুরু হতে যাওয়া কুইন্স কাপ ঘিরে এখন পরিকল্পনা সাজানোর কথাও জানান সিদ্দিকুর।
“ইউরোপিয়ান ট্যুরে খেলার সুযোগ হারালাম। … আগামী শুক্রবার থাইল্যান্ডে যাব, সেখানে এশিয়ান ট্যুরের আসর কুইন্স কাপ খেলব। এখন এটা নিয়েই ভাবছি।”
