আলির শেষকৃত্যানুষ্ঠানে বিশ্ববাসী আমন্ত্রিত
কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মুহাম্মাদ আলিকে শেষ বিদায় জানাতে বিশ্বের যে কাউকে অংশ নিতে দেওয়া হবে বলে জানিয়েছে আলির পরিবার।
জন্মস্থান কেনটাকির লুয়াভিলে আগামী শুক্রবার আলির শেষকৃত্য অনুষ্ঠান হবে। তাতে তিন বারের হেভিওয়েট চ্যাম্পিয়নকে শ্রদ্ধা জানিয়ে কথা বলবেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
এর আগে আগামী বৃহস্পতিবার পারিবারিকভাবে একটি অনুষ্ঠান হবে বলে জানান আলির পরিবারের মুখপাত্র বব গানেল।
অ্যারিজোনার ফিনিক্সের একটি হাসপাতালে শুক্রবার ৭৪ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন আলি। আগামী দুই দিনের মধ্যে তার শবদেহ কেনটাকিতে নেওয়া হবে। লুয়াভিলের কেইভ হিল কবরস্থানে তাকে সমাহিত করা হবে। ১৯৪২ সালে এই শহরেই জন্ম হয়েছিল ক্রীড়া বিশ্বের অন্যতম সেরা এই অ্যাথলেটের।
বৃহস্পতিবারের পাৃরিবারিক অনুষ্ঠানের পর শুক্রবারের কার্যক্রম শুরু হবে পরিবারের সদস্যদের প্রার্থনার মধ্য দিয়ে। এরপর লুয়াভিলের মূল সড়ক দিয়ে আলির শবযাত্রা কেইভ হিল কবরস্থানে যাবে, যেখানকার একটি রাস্তা তার নামেই নামকরণ করা। এছাড়া পথে পড়বে ব্রডওয়ে, যেখানে তার ১৯৬০ অলিম্পিকের সোনা জয় উদযাপন করা হয়েছিল।
একজন ইমামের পরিচালনায় স্থানীয় সময় দুপুর ২টায় মূল পর্ব শুরু হবে কেএফসি ইয়াম সেন্টারে, যেখানে ২০ হাজারের বেশি মানুষের বসার ব্যবস্থা আছে।
