২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিরুদের জোড়া গোলে ফ্রান্সের জয়

অলিভিয়ে জিরুদের জোড়া গোলে স্কটল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয় দিয়ে খুব ভালোভাবে ইউরোর প্রস্তুতিপর্ব শেষ করেছে ফ্রান্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2016, 01:21 PM

Updated : 11 Oct 2022, 08:20 PM

নিজেদের মাঠে শনিবার রাতে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারায় ইউরোর স্বাগতিকরা। তিনটি গোলই হয় প্রথমার্ধে।

পল পগবা, ব্লেইস মাতুইদি, এনগোলো কান্তের সমন্বয়ে গড়া ফ্রান্সের মাঝমাঠ শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

ক্যামেরুনের বিপক্ষে পাঁচ দিন আগে জেতা প্রীতি ম্যাচে জিরুদকে দুয়ো দিয়েছিল ফ্রান্সের সমর্থকরা। আর্সেনালের এই ফরোয়ার্ডই অষ্টম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর ৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন।

৩৯তম মিনিটে দলের অন্য গোলটি করেন জিরুদের ক্লাব সতীর্থ আর্সেনালের ডিফেন্ডার লরাঁ কোসিয়েলনি।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রেখে খেললেও জয়ের ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা।

এই নিয়ে সবশেষ চার ম্যাচে প্রতিপক্ষের জালে ১৩টি গোল করল ইউরোর অন্যতম ফেভারিট ফ্রান্স।

আগামী শুক্রবার রোমানিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ফ্রান্স তাদের ইউরো অভিযান শুরু করবে। ‘এ’ গ্রুপে স্বাগতিকদের বাকি দুই প্রতিপক্ষ আলবেনিয়া ও সুইজারল্যান্ড।

শনিবার রাতে আরেক প্রীতি ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারায় এবারের ইউরোর মূলমঞ্চে জায়গা করে নিতে ব্যর্থ হওয়া নেদারল্যান্ডস।

অস্ট্রিয়ার ভিয়েনায় নবম মিনিটে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন ভিনসেন্ট ইয়ানসেন। ৬৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নিউক্যাসলের মিডফিল্ডার জর্জিনিয়ো ভিনালডাম।

অন্য ম্যাচে মারিও মানজুকিচ ও নিকোলা কালিনিচের হ্যাটট্রিকে নিজেদের মাঠে স্যান ম্যারিনোকে ১০-০ গোলে হারায় ক্রোয়েশিয়া।