সেরেনাকে হারিয়ে ফরাসি ওপেনের সেরা মুগুরুসা
ফরাসি ওপেনের শেষ ধাপে এসে পা হড়কালো সেরেনা উইলিয়ামসের। মেয়েদের টেনিসের শীর্ষে থাকা এই মার্কিন তারকাকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন স্পেনের গার্বিনে মুগুরুসা।
শনিবার রোলা গাঁরোর ফাইনালে ২১টি গ্র্যান্ড স্ল্যাম জেতা সেরেনাকে ৭-৫, ৬-৪ গেমে হারান ২২ বছর বয়সী মুগুরুসা।
এই জয়ের মধ্য দিয়ে সেরেনার বিপক্ষে মধুর এক প্রতিশোধও নেওয়া হলো মুগুরুসার। গতবছর উইম্বডনে ফাইনালে সেরেনার কাছেই হারেন তিনি। প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে খালি হাতেই ফিরতে হয়েছিল তাকে।
গত বছর তিনটি গ্র্যান্ড স্ল্যাম জেতা সেরেনাকে হারানোয় প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের আনন্দ যেন আরও বেড়ে গেছে মুগুরুসার।
১৯৯৮ সালে আরানচা সানচেসের পর স্পেনের প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে রোলা গাঁরোয় চ্যাম্পিয়ন হলেন মুগুরুসা। ফাইনাল শেষে তিনি বলেন, “অন্যতম সেরা এক খেলোয়াড়ের বিপক্ষে গ্র্যান্ড স্ল্যামের (ফাইনালে) খেলতে পেরে আমি খুব, খুব উল্লসিত, এটা সেরা ফাইনাল। আমি খুব খুশি।”
“স্পেনে এটা আমাদের প্রিয় টুর্নামেন্ট এবং আমি আমার সব স্প্যানিশ ভক্তদের ধন্যবাদ জানাতে চাই,” যোগ করেন চতুর্থ বাছাই মুগুরুসা।
