হামেস, সাপাতার গোলে কলম্বিয়ার শুভসূচনা
হামেস রদ্রিগেস ও ক্রিস্তিয়ান সাপাতার গোলে যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোপা আমেরিকার শতবর্ষী আসরে শুভসূচনা করেছে কলম্বিয়া।
এবারই প্রথম কোপা আমেরিকা দক্ষিণ আমেরিকার বাইরে হচ্ছে। প্রতিযোগিতাটির বিশেষ এই আসর ঘিরে যুক্তরাষ্ট্রে উৎসাহের কমতি নেই। তবে স্যান্টা ক্ল্যারায় বাংলাদেশ সময় শনিবার সকালে হওয়া উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দর্শকদের হতাশ করে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে কলম্বিয়া।
কয়েক দিন আগে বলিভিয়ার বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যাচের শুরুর একাদশেই আস্থা রেখেছিলেন যুক্তরাষ্ট্রের কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান। তবে তার এই দল ২০০১ সালের শিরোপা জয়ী কলম্বিয়ার বিপক্ষে খুব কমই সুযোগ তৈরি করতে পারে।
অন্যদিকে গত বুধবার হাইতিকে ৩-১ গোলে হারানো কলম্বিয়া হামেসের নেতৃত্বে শুরু থেকেই যুক্তরাষ্ট্রের রক্ষণে চাপ তৈরি করে খেলতে থাকে। এর সুফলও তারা দ্রুতই পেয়ে যায়।
এদউইন কারদোনার কর্নার থেকে দারুণ এক ভলিতে অষ্টম মিনিটেই কলম্বিয়াকে এগিয়ে দেন সাপাতা। দেশের হয়ে এসি মিলানের এই সেন্টার ব্যাকের এটা প্রথম গোল।
