ফরাসি ওপেনের ফাইনালে জোকোভিচ, সেরেনা
ফরাসি ওপেনে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যপূরণের শেষ ধাপে পৌঁছে গেছেন নোভাক জোকোভিচ। মহিলা এককের র্যাংকিংয়ের শীর্ষ তারকা সেরেনা উইলিয়ামসও ফাইনাল নিশ্চিত করেছেন।
শুক্রবার শেষ চারের লড়াইয়ে ত্রয়োদশ বাছাই ডোমিনিক টিমকে ৬-২, ৬-১, ৬-৪ গেমে উড়িয়ে টানা তিনবারের মতো ফাইনালে উঠলেন জোকোভিচ।
জোকোভিচের লক্ষ্যপূরণে শেষ বাধা অ্যান্ডি মারে। গতবারের চ্যাম্পিয়ন সুইজারল্যান্ডের স্তানিস্লাস ভাভরিঙ্কাকে ৬-৪, ৬-২, ৪-৬, ৬-২ গেমে হারিয়ে প্রথমবারের মতো ফরাসি ওপেনের ফাইনালে ওঠেন দ্বিতীয় বাছাই এই ব্রিটিশ তারকা।
মেয়েদের এককের ফাইনালে উঠতে নেদারল্যান্ডসের কিকি বের্তেন্সকে সরাসরি সেটে উড়িয়ে দেন সেরেনা। বর্তমান চ্যাম্পিয়ন মার্কিন এই তারকা জেতেন ৭-৬, ৬-৪ গেমে।
শিরোপা ধরে রাখার লক্ষ্যে মোট ২১ বার গ্র্যান্ড স্ল্যামে চ্যাম্পিয়ন হওয়া সেরেনা খেলবেন চতুর্থ বাছাই গার্বিনে মুগুরুসার বিপক্ষে। স্পেনের এই খেলোয়াড় অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসারকে হারিয়ে ফাইনালে ওঠেন।
