২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামুনুলদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন ক্রুইফের

এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফ ম্যাচে তাজিকিস্তানের মাঠে বড় ব্যবধানে হারের পর শিষ্যদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন লোডভিক ডি ক্রুইফ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিরতি লেগে ম্যাচের জন্য মুখিয়ে থাকার কথাও জানিয়েছেন এই কোচ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2016, 08:50 PM

Updated : 11 Oct 2022, 08:19 PM

গত বৃহস্পতিবার দুশানবের পামির স্টেডিয়ামে তাজিকিস্তানের কাছে ৫-০ গোলে হারে বাংলাদেশ। দুশানবেতে বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচেও একই ব্যবধানে হেরেছিল মামুনুলরা। হারের প্রতিক্রিয়ায় বাফুফের পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে হতাশার কথা জানান ক্রুইফ।

“ফল খুবই হতাশার। প্রতিপক্ষ শক্তিশালী; তবে স্কোরলাইন ২-০, ৩-১ হতে পারত। এ ধরনের ম্যাচে আমরা কর্নার থেকে একটি ও ফ্রি-কিক থেকে দুটি গোল খেয়েছি। সব রকমের অজুহাত আমি দেখাতে পারি। যদি খেলোয়াড়রা পেশাদার হত, তাহলে তাদের যেটা করণীয় ছিল বা করার নির্দেশনা দেওয়া হয়েছিল, তারা সেটাই করত।”

“ম্যাচের ফল খুবই হতাশার কিন্তু ৭ জুন ফিরতি লেগের ম্যাচের দিকে তাকিয়ে আছি আমরা।”

তাজিকিস্তানের প্রশংসা করতে ভোলেননি ক্রুইফ। তাজিকদের খেলায় নেদারল্যান্ডসের ছাপ দেখতে পাওয়ার কথাও জানান এক মাসের হয়ে মামুনুলদের দায়িত্ব নেওয়া এই কোচ।

“তাজিকিস্তানের মতো প্রতিপক্ষকে সামলানোর মতো দল আমরা ছিলাম না। তারা খুবই উঁচু মানের ছন্দময় ফুটবল খেলেছে, যেটা আমরা হল্যান্ডে খেলতে অভ্যস্ত এবং আমি মনে করি, তারা যেটা করেছে, সেটা চমৎকার এবং তা বাংলাদেশের জন্য উদাহরণ।”

বাংলাদেশে যথাযথ ফুটবল শিক্ষা ব্যবস্থা নেই বলেও মনে করেন ক্রুইফ। তৃণমূল পর্যায় থেকে ফুটবলার তুলে আনার, বাংলাদেশের ফুটবলকে এশিয়ার মানে তোলার পরিকল্পনার কথা দুশানবেতে বসেও জানান ডাচ এই কোচ।