২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সাকে আবেগঘন বিদায় আলভেসের

বিদায় বেলায় বার্সেলোনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইনস্টাগ্রামে আবেগময় এক বিবৃতি দিয়েছেন দানি আলভেস। কাম্প নউয়ের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ব্রাজিলের এই ডিফেন্ডার। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2016, 03:20 PM

Updated : 11 Oct 2022, 08:19 PM

বর্তমানে ব্রাজিলের হয়ে কোপা আমেরিকার শতবর্ষী আসরে খেলতে যুক্তরাষ্ট্রে থাকা ৩৩ বছর বয়সী আলভেসকে ইউভেন্তুস চুক্তিবদ্ধ করতে যাচ্ছে বলে খবর দিয়েছে স্পেনের সংবাদমাধ্যম। 

সেভিয়া থেকে ২০০৮ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, ছয়টি লা লিগা ও চারটি কোপা দেল রেসহ মোট ২৩টি শিরোপা জেতেন আলভেস।

আলভেস তার বিবৃতিতে লেখেন, “এক মাসের মধ্যে আমার বার্সেলোনায় আসার আট বছর পূর্ণ হবে। ২০০৮ সালের জুলাইয়ে আমি এই ক্লাবে প্রথমবারের মতো আসি এবং ড্রেসিংরুমে জায়গা করে নেই, যেখানে আমি আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের অভিজ্ঞতা অর্জন করেছি।”

“প্রথম দিন থেকে, পেপ গুয়ার্দিওলার অধীনে প্রথম অনুশীলন সেশন থেকে এই মৌসুমের শেষ পর্যন্ত মনেপ্রাণে ফুটবল উপভোগ করার ভাগ্য হয়েছে আমার। বিশ্বের সবচেয়ে অসাধারণ স্টেডিয়াম কাম্প নউতে আপনাদের সবার সঙ্গে ভাগ করে নেওয়া মুহূতর্গুলোর ডজন ডজন, শতশত ছবি আমার মনের মধ্যে আছে।”

‘বিশ্বের সেরা’ ক্লাবের জার্সি পরতে পেরে গর্বিত হওয়ার কথাও জানান আলভেস। যাদের সঙ্গে সুখ-দুঃখের সময় কাটিয়েছেন তাদের সবার নামই মনে আছে বলে উল্লেখ করেন এই ডিফেন্ডার। তবে আলাদা করে কৃতজ্ঞতা না জানিয়ে সবাইকে এক সঙ্গে ধন্যবাদ জানান আলভেস। 

“আমি তাদের একত্রে ধন্যবাদ দেই। কারণ, বার্সার ড্রেসিং রুমে স্বতন্ত্র ব্যক্তির স্থান নেই: আমরা সবাই জিতি, সবাই হারি এবং এক সঙ্গে কাজ করি।” সভাপতি, কোচ আর কোচিং স্টাফ থেকে শুরু করে ক্লাবের সাধারণ কর্মীর সবাইকেই ধন্যবাদ জানিয়ে আলভেস বলেন, “এই চিঠিতে আমি বিদায় বলছি না, আমি কেবল আপনাদের জানাতে চাই যে, আমি আমার ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার সময়। আমি যাচ্ছি, কিন্তু আমি ফিরে আসব। কারণ, আমি একজন বার্সেলোনা সমর্থক।” বার্সেলোনাও এক বিবৃতিতে ক্লাবে আলভেসের রাখা অবদানের জন্য তাকে ধন্যবাদ জানায়।