২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্বাসতন্ত্রে সমস্যা নিয়ে হাসপাতালে আলি

শ্বাস-প্রশ্বাস সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মুহাম্মাদ আলি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2016, 01:19 PM

Updated : 12 Apr 2022, 02:11 AM

আলির পরিবারের মুখপাত্র বব গানেল গত বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান, হেভিওয়েট বক্সিংয়ের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের অবস্থা কিছুটা ভালো। তবে আরও কিছু সময় তাকে হাসপাতালে থাকতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

৭৪ বছর বয়সী আলি গত তিন দশকের বেশি সময় ধরে পারকিনসন্স রোগে ভুগছেন। কয়েক বছর ধরে তার অবস্থার আরও অবনতি হয়েছে। গত এপ্রিলে মুহাম্মাদ আলি পারকিনসন্স সেন্টারের সহায়তার জন্য অ্যারিজোনায় আয়োজন করা ‘সেলেব্রিটি ফাইট নাইট’-এ সবশেষ জনসমক্ষে এসেছিলেন।

অনেক বছর ধরেই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যায় ভোগা আলি ২০১৪ সালের ডিসেম্বরে ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২০১৫ সালের জানুয়ারিতে মূত্রঘটিত সংক্রমণের চিকিৎসা করাতে হয় তাকে।

১৯৮১ সালে বক্সিং থেকে অবসর নেওয়ার তিন বছর পর থেকেই পারকিনসন্স রোগে ভুগছেন তিন বারের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন আলি।