ঊষা-মোহামেডান ড্র
আগের দিন সমতায় থাকা ম্যাচ টার্ফে গড়ানোর পর বাকি থাকা ১৮ মিনিটে গোল করেছে দুই দলই। ঘরোয়া হকির দুই পরাশক্তি ঊষা ক্রীড়া চক্র ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচটি শেষে ড্র হয়েছে ৩-৩ গোলে।
বৃহস্পতিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে পেনাল্টি কর্নার থেকে আলিম বেলালের গোলে এগিয়ে যায় ঊষা। শেষের বাঁশি বাজার আগ মুহূর্তে ওমর ভুট্টোর বাড়ানো বল থেকে লক্ষ্যভেদ করে মোহামেডানকে সমতায় ফেরান রাসেল মাহমুদ জিমি।
মেরিনার ইয়াংস ও সোনালী ব্যাংক এসআরসির বিতর্কে ভরা ম্যাচের কারণে ঊষা-মোহামেডান ম্যাচ বুধবার দেরিতে শুরু হয়। বেলালের গোলে এগিয়ে যায় ঊষা। কামরুজ্জামান মিন্টুর বাড়ানো বল থেকে মোহামেডানকে সমতায় ফেরান জিমি। ঊষার কৃষ্ণ কুমার ও মোহামেডানের মোহাম্মদ ইমরান গোল করলে স্কোরলাইন ২-২ হয়। পরে আলোক স্বল্পতায় ১৮ মিনিট বাকি থাকতে খেলা বন্ধ করে দেন দুই আম্পায়ার।
আগের দিন ঊষা-মোহামেডান ম্যাচও ছিল না বিতর্কমুক্ত। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে দুই অর্ধে দুই দফায় খেলা বন্ধ হয়। মাঠে ঢুকে পড়া মোহামেডান সমর্থকদের ধূমপান করার দৃশ্যও চোখে পড়ে!
বৃহস্পতিবারও বিতর্কমুক্ত থাকেনি ম্যাচটি। পেনাল্টি কর্নারের দাবি করে প্রায় বিশ মিনিট খেলা বন্ধ রাখেন মোহামেডানের খেলোয়াড়রা। তাতে ১৮ মিনিটের খেলা শেষ হতে লেগে যায় ৪০ মিনিট!
টানা পাঁচ জয়ের পর চলতি লিগে এই প্রথম ড্র করল ঊষা। ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে তারা। মোহামেডানের পয়েন্ট ১৪।
