হকিতে হট্টগোলে ভরা দিন
প্রিমিয়ার ডিভিশন হকির চলতি লিগে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে খেলা বন্ধ হয়েছে আগেও। কিন্তু বুধবার আগের সবকিছু ছাপিয়ে গেলো। এদিন খেলা বন্ধ থাকার সঙ্গে ঘটল প্রতিপক্ষ খেলোয়াড়কে লাথি দেওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও। এমন ঘটনাবহুল দিনে জিতেছে মেরিনার ইয়াংস।
মোহামেডান স্পোর্টিং ও ঊষা ক্রীড়া চক্রের দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হলেও আলোর অভাবে শেষ হয়নি।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বুধবার মেরিনার ইয়াংসের জয়টি ২-১ গোলের। আশরাফুল ইসলাম দলের জয়ে জোড়া গোল করেন। সোনালী ব্যাংক এসআরসির একমাত্র গোলদাতা তাহের আলি।
ফলের চেয়ে দফায় দফায় খেলা বন্ধ হওয়ার এ ম্যাচে মেরিনার ইয়াংসের মইনুল ইসলাম কৌশিকের কাণ্ড ছিল সবচেয়ে আলোচিত।
দ্বিতীয়ার্ধে সোনালী ব্যাংকের অজিত কুমার বিশ্বাসকে আম্পায়ার কার্ড দেখালে শুরু হয় হট্টগোল, ধাক্কাধাক্কি, ধাওয়া-পাল্টা ধাওয়া। আম্পায়ারের সঙ্গে তর্কেও জড়িয়ে পড়েন দুই পক্ষের খেলোয়াড়রা। এক পর্যায়ে মেরিনার ইয়াংসের কৌশিক লাথি মেরে বসেন প্রতিপক্ষের এক পাকিস্তানি খেলোয়াড়কে। এ নিয়ে ফের শুরু হয় উত্তেজনা। পরিস্থিতি শান্ত করতে বরাবরের মতো টার্ফে নামতে হয় কর্মকর্তাদের।
শেষ দিকে পেনাল্টি কর্নারের সিদ্ধান্ত বিপক্ষে গেলে ফের বেঁকে বসে সোনালী ব্যাংক। মাঠ ছেড়ে বেরিয়ে যায় দলটি। পরে আবার মাঠে ফেরে। পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করে মেরিনার ইয়াংসকে চতুর্থ জয় এনে দেন আশরাফুল।
ঊষা-মোহামেডান ম্যাচও ছিল না বিতর্কমুক্ত। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে দুই অর্ধে দুই দফায় খেলা বন্ধ হয়। মাঠে ঢুকে পড়া মোহামেডান সমর্থকদের সিগারেট ফোকার কটু দৃশ্যও চোখে পড়েছে!
