তাজিকিস্তানের বিপক্ষে উজ্জীবিত বাংলাদেশ
দুশানবের সব শেষ ম্যাচে দুঃস্মৃতির পুনরাবৃত্তি আটকানোই এবার মূল লক্ষ্য বাংলাদেশের। এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফ ম্যাচে তাজিকিস্তানের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ কোচ লোডভিক ডি ক্রুইফ জানিয়েছেন, লক্ষ্য পূরণের আত্মবিশ্বাস আছে তার দলের।
আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত নয়টায় দুশানবের পামির স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। আগামী ৭ জুন নিজেদের মাঠ বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরতি লেগের ম্যাচ খেলবেন মামুনুলরা।
দুই দলের ফিফা স্বীকৃত আট ম্যাচের পরিসংখ্যানও তাজিকিস্তানের পক্ষে; ৫টিতে জয়ী তারা। বাংলাদেশের একমাত্র জয়টি ২০১০ সালে কলোম্বোর প্রীতি ম্যাচে পাওয়া। বাকি দুই ম্যাচ ড্র। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ে দুশানবেতে ৫-০ গোলে হারা মামুনুলরা নিজেদের মাঠে তাজিকিস্তানের সঙ্গে ১-১ ড্র করেন। এক মাস মেয়াদে কোচের দায়িত্বে আসা ক্রুইফ এই ড্র থেকে অনুপ্রেরণা নিচ্ছেন দুশানবেতে গিয়েও।
“বিশ্বকাপ বাছাইপর্বের হোম ম্যাচটিতে আমি ছিলাম দলের সঙ্গে। সেখানে আমরা ১-১ ড্র করেছিলাম, যদিও ম্যাচটি বাংলাদেশের জেতা উচিৎ ছিল। কিন্তু অতিরিক্ত সময়ের গোল হজমে সেটা হয়নি।”
নিজেদের মাঠে খেলতে নামা তাজিকিস্তানকে সমীহ করতেও ভোলেননি ক্রুইফ, “আমরা জানি, দল হিসেবে তারা কতটা শক্তিশালী। কারণ তাদের দলে বেশ ক’জন রুশ লিগে খেলা প্লেয়ার আছে। তবে, আমরাও জানি আমাদের কী করতে হবে। শেষ পর্যন্ত ছেলেরা কতটা কী করতে পারে সেটা দেখার অপেক্ষায় আছি। দলের অনুশীলন নিয়ে আমি তৃপ্ত; এখন দেখতে চাই কী ঘটে আগামীকাল।”
“ফুটবলে যে কোনও কিছুই ঘটতে পারে। একটি লাল কার্ড পুরোপুরি পাল্টে দিতে পারে একটি দলের অবস্থান। আমাদের যতটা সম্ভব চেষ্টা থাকবে সুযোগগুলো কাজে লাগানোর। আমাদের জন্য এটি একটি নতুন সূচনাও বলতে পারেন। আমরা দারুণ উজ্জীবিত হয়েই লড়ে যাবো এবং চেষ্টা করবো দেশের জন্য কিছু বয়ে আনার।”
নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় দলে ফিরেছেন মামুনুল ইসলাম। অধিনায়কত্বও ফিরে পেয়েছেন এই মিডফিল্ডার। তবে পিতার অসুস্থতার কারণে দলে নেই ফরোয়ার্ড জাহিদ হোসেন; চোট ছিটকে দিয়েছে ডিফেন্ডার আতিকুর রহমান মিশু ও কেষ্ট কুমার বোসকে। নির্ভরযোগ্য গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেলও দলে নেই একই কারণে। উঠতি রুবেল হোসেন, জুয়েল রানার সঙ্গে ওয়ালী ফয়সালের মতো অভিজ্ঞরা থাকায় মামুনুল দল নিয়ে আশাবাদী।
“আমরা মোটেই ভীত নই তাজিকিস্তানকে নিয়ে। তবে এটা মানতে হবে দলটিতে রয়েছে বেশ কিছু মানসম্পন্ন খেলোয়াড়। যতদূর জানি, নুরুদ্দিন তাদের মধ্যে একজন। তবে এটা নিশ্চিত যে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েই লড়াই করবো কালকের ম্যাচে।”
