ইংল্যান্ডের ইউরোর দলে র্যাশফোর্ড
ইউরোর জন্য ঘোষণা করা ইংল্যান্ডের ২৩ সদস্যের দলে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ ফরোয়ার্ড মার্কাস র্যাশফোর্ড। তবে বাদ পড়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লেস্টার সিটির মিডফিল্ডার ড্যানি ড্রিংকওয়াটার।
গত শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে অভিষেকেই গোল পান র্যাশফোর্ড।
ইউনাইটেডের মূল দলে ১৮ বছর বয়সী র্যাশফোর্ডের অভিষেক হয় এ বছরেই। গত ফেব্রুয়ারির সেই ম্যাচে তার জোড়া গোলেই ডেনমার্কের দল মিটজিল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে ইউরোপা লিগের শেষ ষোলোতে উঠেছিল ইউনাইটেড।
সদ্য শেষ হওয়া মৌসুমে ইউনাইটেডের হয়ে ১৮টি ম্যাচ খেলে ৮ গোল করেন র্যাশফোর্ড। সম্প্রতি ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির সঙ্গে ২০২০ সাল পর্যন্ত নতুন চুক্তিও করেন তিনি।
লিভারপুলের স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজও দলে জায়গা পেয়েছেন। তবে এর আগে ঘোষণা করা ২৬ জনের প্রাথমিক দল থেকে বাদ পড়েন নিউক্যাসলের মিডফিল্ডার অ্যান্ড্রুস টাউনসেন্ড।
ফ্রান্সে এবারের ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু হবে ১০ জুন। রাশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইংল্যান্ডের অভিযান শুরু হবে এর পর দিন। ‘বি’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ ওয়েলস ও স্লোভাকিয়া।
ইংল্যান্ড দল:
গোলরক্ষক: জো হার্ট (ম্যানচেস্টার সিটি), ফ্রেজার ফস্টার (সাউথ্যাম্পটন), টম হিটন (বার্নলি)।
ডিফেন্ডার: গ্যারি কাহিল (চেলসি), ক্রিস স্মলিং (ম্যানচেস্টার ইউনাইটেড), জন স্টোনস (এভারটন),কাইল ওয়াকার (টটেনহ্যাম হটস্পার), রায়ান বার্ট্র্যান্ড (সাউথ্যাম্পটন), ড্যানি রোজ (টটেনহ্যাম হটস্পার), ন্যাথ্যানিয়েল ক্লাইন (লিভারপুল)।
মিডফিল্ডার: ডেলে আলি (টটেনহ্যাম হটস্পার), রোজ বার্কলি (এভারটন), এরিক দিয়ের (টটেনহ্যাম হটস্পার), জর্ডান হেন্ডারসন, অ্যাডাম লালানা, জেমস মিলনার (লিভারপুল), রাহিম স্টার্লিং (ম্যানচেস্টার সিটি), জ্যাক উইলশেয়ার (আর্সেনাল)।
স্ট্রাইকার: ওয়েইন রুনি, মার্কাস র্যাশফোর্ড (ম্যানচেস্টার ইউনাইটেড), হ্যারি কেইন (টটেনহ্যাম হটস্পার), ড্যানিয়েল স্টারিজ (লিভারপুল), জেমি ভার্ডি (লেস্টার সিটি)।
