রিয়ালে তবুও হতাশা: ইনিয়েস্তা
চোখের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আনন্দে ভেসে যেতে দেখে কি একটু কষ্ট হচ্ছে বার্সেলোনা খেলোয়াড়দের? আন্দ্রেস ইনিয়েস্তা কিন্তু এ মৌসুমে ঘরোয়া ‘ডাবল’ জিতেই সন্তুষ্ট। কাতালান ক্লাবটির অধিনায়ক বরং মনে করেন লা লিগা জিততে না পারার হতাশা পোড়াবে ইউরোপ সেরার মুকুট পরা রিয়ালকে।
টানা দ্বিতীয়বারের মতো লা লিগার শিরোপা ঘরে তোলে এ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়া বার্সেলোনা। কাতালান ক্লাবটির চেয়ে এক পয়েন্ট কম নিয়ে রিয়াল লিগ শেষ করে দ্বিতীয় স্থানে থেকে।
মিলানের সান সিরোতে গত শনিবার নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে রিয়াল।
ইনিয়েস্তা রিয়ালের চার মৌসুম ধরে লা লিগা না জেতার বিষয়টি তুলে ধরেন।
“রিয়াল চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। কিন্তু লা লিগা জেতেনি বলে হতাশ হবে। তাই আমরা এ মৌসুমে যা পেয়েছি তা নিয়ে আমাদের দল এবং সমর্থকদের খুব গর্বিত হওয়া উচিৎ।”
তবে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে না পারাকে ব্যর্থতা হিসেবেই দেখেন বার্সেলোনা অধিনায়ক। আগামী মৌসুমে লড়াই করার প্রত্যয়ের কথা জানান তিনি।
