পরবর্তী ঠিকানা চূড়ান্ত ইব্রাহিমোভিচের
পিএসজি ছেড়ে কোন দলে যাচ্ছেন, তা ঠিক করে ফেলেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। তবে এখনই এ বিষয়ে মুখ খুলছেন না সুইডেনের এই তারকা ফরোয়ার্ড।
পিএসজি ছাড়ার সিদ্ধান্ত আগেই জানিয়েছেন ইব্রাহিমোভিচ। বিশ্বের বিভিন্ন ক্লাবে যোগ দেওয়ার প্রস্তাবও পেয়েছেন বলে জানিয়েছেন ৩৪ বছর বয়সী এই স্ট্রাইকার। তবে নিজের পরবর্তী ঠিকানার বিষয়ে এরই মধ্যে মনস্থির করে ফেলেছেন তিনি।
“ভবিষ্যত লেখা হয়ে গেছে। অনেক দিন আগেই আমি মনস্থির করেছি।”
বেশ কিছু দিন ধরেই ইব্রাহিমোভিচের ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার জোর সম্ভাবনার খবর আসছে।
এ প্রসঙ্গে ইব্রাহিমোভিচ বলেন, “প্রিমিয়ার লিগ থেকে ভালো প্রস্তাব আছে। তবে আমি কোনো নিশ্চয়তা দেইনি।”
ইব্রাহিমোভিচের ইউনাইটেডে যোগ দেওয়ার গুঞ্জনে বাড়তি মাত্রা যোগ করছে দলটিতে জোসে মরিনিয়োর কোচ হওয়ার সম্ভাবনার খবরে। ব্রিটিশ গণমাধ্যমগুলোর খবর, এই পর্তুগিজ কোচের ইউনাইটেডে যোগ দেওয়াটা প্রায় নিশ্চিত।
ইতালির ক্লাব ইন্টার মিলানে মরিনিয়োর অধীনে এক মৌসুম খেলেছিলেন ইব্রাহিমোভিচ। সেবার ২০০৮-০৯ মৌসুমে সেরি আ জিতেছিলেন তারা। এরপরই বার্সেলোনায় যোগ দেন ইব্রাহিমোভিচ।
“তার সঙ্গে আমার কাজ করার সময়টা ছিল চমৎকার। জানি না, আবার আমরা এক সঙ্গে কাজ করব কি না।”
১৯৯৯ সালে স্বদেশের ক্লাব মালমোয় অভিষেকের পর আয়াক্স, ইউভেন্তুস, ইন্টার মিলান, বার্সেলোনা, এসি মিলান ও সবশেষ পিএসজিতে খেলেন ইব্রাহিমোভিচ।
ক্যারিয়ারে ৬৭৭ ম্যাচ খেলে ৩৯২ গোল করা ইব্রাহিমোভিচ গত মৌসুমে ছিলেন এক কথায় দুর্দান্ত। ২০১৫-১৬ মৌসুমে পিএসজির হয়ে ৫১ ম্যাচে রেকর্ড ৫০ গোল করেন। এই সময়ে লিগে করা তার ৩৮ গোলও লিগ ওয়ানের ইতিহাসে পিএসজির হয়ে এক মৌসুমে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোল।
