২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী মৌসুমকেও সাফল্যে মোড়ানোর ঘোষণা বার্সায়

টানা দ্বিতীয়বারের মতো ‘ট্রেবল’ জয়ের স্বপ্ন পূরণ হয়নি। তবে ঘরোয়া ‘ডাবল’সহ মৌসুমের ৬টি শিরোপার চারটি জেতার সন্তুষ্টি আছে বার্সেলোনা দলে। বার্সেলোনার ডিফেন্ডার হাভিয়ের মাসচেরানো আগামী মৌসুমটাকেও এভাবে সাফল্যে মোড়ানোর প্রত্যয়ের কথা জানিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2016, 04:14 PM

Updated : 11 Oct 2022, 08:16 PM

পুরনো খবর:

‘মহামূল্যবান’ গোলের কৃতিত্ব মেসির
মৌসুমে ৬ শিরোপার ৪টিই জিতে সন্তুষ্ট এনরিকে
‘স্প্যানিশ কাপ প্রাপ্যই ছিল বার্সার’
সেভিয়ার প্রতিরোধ ভেঙে বার্সেলোনার ‘ডাবল’
বার্সায় সুখেই আছি: নেইমার

আতলেতিকো মাদ্রিদের মাঠ ভিসেন্তে কালদেরনে গত রোববার ফাইনালে সেভিয়াকে ২-০ গোলে হারিয়ে কোপা দেল রের শিরোপা জিতে মৌসুম শেষ করে বার্সেলোনা।

কোপা দেল রে ও লা লিগার সঙ্গে এ মৌসুমে উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়া ছাড়া কেবল মৌসুমের শুরুর দিকে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপে জিততে পারেনি লুইস এনরিকের দল।

লাল-নীল কনফেত্তির ওড়াউড়ি আর আতশবাশির উজ্জ্বল আলোর মধ্যে গত সোমবার কাম্প নউতে এ মৌসুমে পাওয়া সাফল্য উদযাপন করে বার্সেলোনা। সেখানেই মাসচেরানো আগামী মৌসুমে নিজেদের লক্ষ্য সম্পর্কে জানান।

“আমি আশা করি, আগামী মৌসুমও এটার মতো ভালো যাবে আমাদের। এটা কঠিন ছিল। প্রতিদ্বন্দ্বিতাময় ছিল কিন্তু অবশেষে আমরা লক্ষ্যে যেতে পেরেছি।”

বার্সেলোনার অধিনায়ক স্পেনের মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তাও একই সুরে কথা বলেন।

“এই দলের জন্য খেলাটা সম্মানের। আমরা অনেক কিছু জিতেছি কিন্তু আমরা আরও জিততে চাই এবং ইতিহাস গড়তে চাই।”

সমর্থকদের উদ্দেশ করে ক্লাবটির তারকা ফরোয়ার্ড নেইমার বলেন, “আমাদের সঙ্গে আরও একটি বছর উদযাপন করার জন্য আপনাদের ধন্যবাদ। সব কিছুর জন্য ধন্যবাদ আপনাদের।”

কাতালান ক্লাবটির কোচ এনরিকে এই সাফল্যের কৃতিত্ব দেন তার শিষ্যদের।

“লম্বা একটা মৌসুম কেটেছে, কঠিন এবং চ্যালেঞ্জিং। তবে এক দল দারুণ খেলোয়াড় আর স্টাফদের নিয়ে আমরা এটা দারুণভাবে শেষ করতে পেরেছি।”