২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালির প্রাথমিক দলে নেই পিরলো, বালোতেল্লি

ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের জন্য দেওয়া ইতালির প্রাথমিক দলে আন্দ্রেয়া পিরলো ও মারিও বালোতেল্লিকে রাখেননি কোচ আন্তোনিও কোন্তে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2016, 08:39 PM

Updated : 12 Apr 2022, 02:06 AM

মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব নিউ ইয়র্ক সিটির প্লেমেকার ৩৭ বছর বয়সী পিরলোর মতো ৩০ সদস্যের দলে জায়গা পাননি দুই মিডফিল্ডার ইউভেন্তুসের ক্লাওদিও মার্কিসিও ও পিএসজির মার্কো ভেরাত্তি। দুজনেই অবশ্য চোটে ভুগছেন। তোরিনোর উঠতি তারকা ২১ বছর বয়সী মার্কো বেনাস্সিকে দলে রাখেন কোচ।

এসি মিলানের ফরোয়ার্ড মারিও বালোতেল্লির মতোই আক্রমণভাগে জায়গা হয়নি সাস্সুয়োলোর দোমেনিকো বেরার্দি ও সান্ডারল্যান্ডের ফাবিও বোরিনির।

দলে অবশ্য আছেন ইউভেন্তুসের ৩৮ বছর বয়সী গোলরক্ষক জানলুইজি বুফ্ফন। তার সঙ্গে দলে আছেন ইউভেন্তুসের রক্ষণ জুটি লিওনার্দো বোনুচ্চি ও জর্জো কিয়েল্লিনি। এ ছাড়া দলে জায়গা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার মাত্তেও দার্মিয়ান ও পিএসজির গোলরক্ষক সালভাতোরে সিরিগুর।

ফ্রান্সে ইউরোর মূল লড়াইয়ে নামার আগে প্রস্তুতি নিতে স্কটল্যান্ড ও ফিনল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ইতালি।

আগামী ১০ জুন শুরু হবে ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্ব। ১৩ জুন নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে খেলবে ইতালি। ‘ই’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও সুইডেন।