২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুয়ারেসের কান্না

সেভিয়ার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে চোট পাওয়ার পর বেঞ্চে বসে কান্নায় ভেঙে পড়েছিলেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেস। পরে অবশ্য শিরোপা জয়ের উচ্ছ্বাসে সতীর্থদের সঙ্গে মেতেছেন উরুগুয়ের তারকা ফুটবলার। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2016, 06:30 PM

Updated : 11 Oct 2022, 08:16 PM

পুরনো খবর:

‘মহামূল্যবান’ গোলের কৃতিত্ব মেসির
মৌসুমে ৬ শিরোপার ৪টিই জিতে সন্তুষ্ট এনরিকে
‘স্প্যানিশ কাপ প্রাপ্যই ছিল বার্সার’
সেভিয়ার প্রতিরোধ ভেঙে বার্সেলোনার ‘ডাবল’

ডান পায়ের হ্যামস্ট্রিং পেশিতে চোট পেয়ে ম্যাচের ৫৬তম মিনিটে সতীর্থ আর দলের চিকিৎসকদের সাহায্যে মাঠ ছাড়েন সুয়ারেস। খেলায় তখন কিছুটা কোণঠাসা হাভিয়ের মাসচেরানোর লালকার্ডে ১০ জনের দলে পরিণত হওয়া বার্সেলোনা। দলের সেরা গোলস্কোরারের অভাব বড় একটা ধাক্কা হয়েই আসে লুইস এনরিকের দলের জন্য।
 
ধারণা করা হচ্ছে, আগামী জুন মাসে কোপা আমেরিকার কথা ভেবেই বেঞ্চে গিয়ে বসার পর হতাশ সুয়ারেস কান্নায় ভেঙে পড়েন।  
 
যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার শতবর্ষী আসর শুরু হবে আগামী ৩ জুন থেকে। ৫ জুন মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে উরুগুয়ের অভিযান। ‘সি’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ জ্যামাইকা ও ভেনেজুয়েলা।

এই মৌসুমে বার্সেলোনার হয়ে সর্বোচ্চ ৫৯টি গোল করা সুয়ারেস বলেন, “আমি চোট নিয়ে কিছুই বলতে পারছি না। কারণ, আমি কিছু জানি না। আগামীকাল (সোমবার) পরীক্ষা করানো হবে।” আতলেতিকো মাদ্রিদের মাঠ ভিসেন্তে কালদেরনে গত রোববার ফাইনালে সেভিয়াকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা দেল রের শিরোপা জেতা বার্সেলোনার কোচ লুইস এনরিকে বলেন, “দু:খজনকভাবে সুয়ারেস চোট পেয়েছে। বার্সেলোনায় গিয়ে পরীক্ষা করানোর পর আমরা জানতে পারব, এটা (চোট) কতটা বাজে।” ম্যাচ শেষে সুয়ারেস অবশ্য মাঠে ফেরেন এবং সন্তানদের নিয়ে শিরোপা জয় উদযাপন করেন।