২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালো ফুটবল খেলেই জিততে চায় রিয়াল

মৌসুমের শুরুটা ভালো না হলেও জিনেদিন জিদানের অধীনে ঘুরে দাঁড়ানো রিয়াল মাদ্রিদের সামনে সবচেয়ে বড় শিরোপার হাতছানি। তবে ইউরোপ সেরা হতে রক্ষণে শক্তিশালী আতলেতিকো মাদ্রিদকে হারাতে হবে। কঠিন সে লড়াইয়ে যেনতেন ভাবে নয়, ভালো ফুটবল খেলেই জিততে চান ফরাসি এই কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2016, 08:07 PM

Updated : 11 Oct 2022, 08:16 PM

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আগামী শনিবার মিলানের সান সিরোয় নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকোর মুখোমুখি হবে রিয়াল।

কোয়ার্টার-ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা ও সেমি-ফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে ওঠা আতলেতিকোর রক্ষণ দারুণ মজবুত। নকআউট পর্বে দুই লেগের ওই চার ম্যাচেই দেখা যায়, তুলনামূলক বেশি আক্রমণ করেও প্রয়োজনীয় গোল পায়নি বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগের ওই দুই দল।

এমন রক্ষণাত্মক মানসিকতার প্রতিবেশী দলটির বিপক্ষে জিততে পরিকল্পনা সাজাচ্ছেন জিদান। তবে অবশ্যই সেটা ভালো ফুটবল খেলে।

উয়েফা ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে জিদান বলেন, “আমাদের কাছে মূল বিষয় হলো ভালো ফুটবল খেলা। আপনাকে জিততে হলে অবশ্যই ভালো ফুটবল খেলতে হবে। (জয়ের চেষ্টা ও ভালো ফুটবল) এ দুটোকে আমরা এক সঙ্গে চেষ্টা করব এবং আমরা এ ম্যাচে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।”

প্রতিপক্ষের আক্রমণ সামলে মূলত পাল্টা আক্রমণ করে খেলে দিয়েগো সিমেওনের দল আতলেতিকো। এমন এক দলের বিপক্ষে কি রকম লড়াই আশা করছেন- এ প্রশ্নের জবাবে উয়েফা ডটকমকে জিদান বলেন, “এটা খুব জটিল একটা ম্যাচ হবে। সবসময়ই তারা রক্ষণ ভালো করে। তবে আপনি বলতে পারেন না যে, তারা শুধু রক্ষণই করে।”

২০১৩-১৪ আসরের ফাইনালে আতলেতিকোকে হারিয়েই দশম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিল ক্রিস্তিয়ানো রোনালদো-গ্যারেথ বেলরা।