২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলাম, দেখলাম, জয় করলাম: ইব্রাহিমোভিচ

পিএসজিকে ফরাসি কাপ জিতিয়ে বিদায় নেওয়ার সময় জ্লাতান ইব্রাহিমোভিচ জানালেন, ফ্রান্স জয় করে বীরের বেশে যাচ্ছেন তিনি। আর সামনের অভিযানের জন্য কেবল ‘গা গরম হলো’ তার!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2016, 05:46 PM

Updated : 11 Oct 2022, 08:16 PM

শনিবার রাতে অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে ফরাসি কাপের ফাইনালে পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলতে নেমে জ্বলে ওঠেন ইব্রাহিমোভিচ। দুটি গোল করে এবং আরেকটি গোল করিয়ে দলের ৪-২ ব্যবধানের জয়ে মূল ভূমিকা রাখেন।

২০১২ সালের জুনে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে ক্রমেই নিজেকে ছাড়িয়ে গেছেন ইব্রাহিমোভিচ। প্রায় সব প্রতিযোগিতা শেষেই দলের শিরোপা উদযাপনে তার মধ্যমণি হয়ে থাকাটা যেন হয়ে ওঠে চেনা দৃশ্য। এই সময়ে টানা চারটি লিগসহ মোট ১২টি শিরোপা জেতেন তিনি।

রাজকীয় বিদায় নিশ্চিত করে ম্যাচ শেষে ইব্রাহিমোভিচ বলেন, “আমি আমার মিশন শেষ করেছি। আমি সব কিছু জিতেছি।”

“আমি এলাম, আমি দেখলাম, আমি জয় করলাম!”

ফ্রান্সের ক্লাবটির হয়ে চারটি বছর যেন ক্যারিয়ারে সবচেয়ে দারুণ সময়টা কাটালেন ইব্রাহিমোভিচ। এই সময়ে ১৮০ ম্যাচে মোট ১৫৬টি গোল করেন তিনি। বয়স হয়ে গেছে ৩৪, কিন্তু এখনও ‘চিরতরুণ’ সুইডেনের এই ফরোয়ার্ড ২০১৫-১৬ মৌসুমে করেছেন ৫০টি গোল।

এবারের লিগ ওয়ানে তার রেকর্ড ৩৮ গোল করে প্রতিযোগিতার ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ।

ক্লাবের সবাইকে বিদায় জানাতে ইব্রাহিমোভিচ বলেন, “পিএসজি গ্রুপ বিশেষ কিছু, গত তিন বছরে আমরা যা করেছি তা অবিশ্বাস্য। আমি ক্লাবটিকে মিস করব।”

এখন পর্যন্ত নতুন কোনো দলে যোগ দেননি তিনি, তবে গণমাধ্যমের খবর, ম্যানচেস্টার ইউনাইটেড ও যুক্তরাষ্ট্রের এলএ গ্যালাক্সি তাকে পেতে চায়। ইউভেন্তুস, ইন্টার মিলান, বার্সেলোনা ও এসি মিলানের পর পিএসজি জয় করে যেখানেই যান না কেন, আরও ভালো করার জন্য মুখিয়ে আছেন এই দীর্ঘদেহী স্ট্রাইকার।

“এটাকে আমি আমার অন্যতম একটা সেরা মৌসুম করেছি। আমি ৩৪ বছর বয়সী হয়ে ৫০টি গোল করেছি। কিন্তু এখনও আমি গা গরম করছি!”