জাতীয় জুডোয় ছেলেদের সেরা বিজিবি, মেয়েদের সেরা বিকেএসপি
জাতীয় জুডোর ৩৩তম আসরে পুরুষ বিভাগে সেরা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মেয়েদের বিভাগে সেরা হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
বাংলাদেশ জুডো ফেডারেশন শনিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে হওয়া এ আসরে ৬টি সোনা, ১টি রুপা ও ৩টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক নিয়ে সেরা হয় বিজিবি।
রানার্সআপ বাংলাদেশ সেনাবাহিনী পেয়েছে ২টি সোনা, ৩টি রুপা ও ৪টি ব্রোঞ্জ। তৃতীয় স্থান পাওয়া বাংলাদেশ আনসার পেয়েছে ১টি করে সোনা-রুপা ও ২টি ব্রোঞ্জসহ ৪টি পদক।
মেয়েদের বিভাগের চ্যাম্পিয়ন বিকেএসপির জুডোকারা জিতেছে ৫টি সোনা, ১টি রুপা ও ১টি ব্রোঞ্জসহ ৭টি পদক। ২টি সোনা, ৩টি রুপা ও ২টি ব্রোঞ্জসহ ৭টি পদক নিয়ে রানার্সআপ বাংলাদেশ সেনাবাহিনী। তৃতীয় হওয়া বাংলাদেশ আনসারের জুডোকারা পেয়েছেন ২টি সোনা ও ও ৫টি ব্রোঞ্জ।
এবারের আসরে দুই বিভাগের সেরা হয়েছে বিকেএসপির জুডোকা নাজিব হিশাম সানি ও আনসারের নিলুফা ইয়াসমিন।
