ফাইনালের আগে রোমাঞ্চিত বার্সা
কোপা দেল রের ফাইনাল লুইস এনরিকের কাছে অন্যতম সেরা এক ম্যাচ। আর এ লড়াইয়ে জিতে অর্জনের ভাণ্ডারে আরেকটি শিরোপা যোগ করতে মরিয়া বার্সেলোনার সবাই।
মাদ্রিদের ভিসেন্তে কালদেরনে আগামী রোববার বাংলাদেশ সময় রাত দেড়টায় শুরু হবে ফাইনাল। সেভিয়ার বিপক্ষে শিরোপা নির্ধারণী এ ম্যাচের আগে দলের সবাই রোমাঞ্চিত বলে জানান সিমেওনে।
“আরেকটি শিরোপা জয়ের সুযোগ পেয়ে আমরা রোমাঞ্চিত। দলের সবাই মনোযোগ ধরে রেখেছে। অন্যবারের মতো এবারও তারা শিরোপা জিতে মৌসুম শেষ করতে চায়।”
স্প্যানিশ কাপ নামে পরিচিত প্রতিযোগিতার সফলতম দল বার্সেলোনা এ পর্যন্ত রেকর্ড ২৭বার চ্যাম্পিয়ন হয়েছে। গতবারের চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার লক্ষ্যে কঠিন পরীক্ষায় ফেলতে পারে স্পেনের সবচেয়ে পুরানো ক্লাবটি।
দুদলই শিরোপা জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে যাচ্ছে। গত শনিবার গ্রানাদাকে ৩-০ গোলে হারিয়ে লা লিগার শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। আর গত বুধবার লিভারপুলকে হারিয়ে ইউরোপা লিগে টানা তৃতীয় শিরোপা জেতে সেভিয়া। দুই দলই তাই ডাবল জয়ের হাতছানিতে মাঠে নামতে যাচ্ছে।
ফাইনালের আগে আত্মবিশ্বাসী এনরিকে বলেন, “পেশাদার ফুটবলারদের কাছে এটা অন্যতম সেরা এক ম্যাচ। আমরা এরকম ফাইনালে খেলতে অভ্যস্ত। এমন ম্যাচে খেলতে আমরা ক্লান্ত হই না।”
“আমরা ফাইনালে খেলার যোগ্য। এখন দেখা যাক আমরা ফাইনাল জেতার যোগ্য কি না,” যোগ করেন স্পেনের এই কোচ।
