‘সেরা ৩ খেলোয়াড়ের একজন গ্রিজমান’
রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে নিজের দলের ফরাসি তারকা অঁতোয়ান গ্রিজমানকে প্রশংসায় ভাসিয়েছেন দিয়েগো সিমেওনে। এই ফরোয়ার্ড সময়ের সেরা তিন তারকার একজন বলে মনে করেন আতলেতিকো মাদ্রিদের কোচ।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ৫৩ ম্যাচ খেলে ৩২ গোল করে আতলেতিকোর এগিয়ে চলায় মূল ভূমিকা রাখেন গ্রিজমান। ফরাসি এই ফরোয়ার্ডকে বার্সেলোনার তারকা লিওনেল মেসি আর রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে একই কাতারে রাখছেন সিমেওনে।
“পরিষ্কারভাবে গ্রিজমানের অনেক মেধা আছে। সে খুব কঠোর পরিশ্রম করছে এবং জানে কিভাবে কথা শুনতে হয়।”
“যে কোনো কাজে উন্নতির সেরা উপায় হচ্ছে শোনা। কোনো সন্দেহ ছাড়াই সে বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের একজন।”
চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের প্রথম পর্বে নিজেদের মাঠে বায়ার্নের বিপক্ষে আতলেতিকোকে ১-০ ব্যবধানে জেতানো গোলটি করা সাউল নিগেসের প্রশংসাও করেন সিমেওনে।
মিলানের মাঠ সান সিরোতে এ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটি হবে আগামী শনিবার।
