‘ফেভারিট’ বার্সার মুখোমুখি আত্মবিশ্বাসী সেভিয়া
টানা দ্বিতীয়বার ‘ট্রেবল’ জয়ের স্বপ্ন এপ্রিলের হঠাৎ ধসে ভেঙে গেলেও টানা দ্বিতীয়বারের মতো ‘ঘরোয়া’ ডাবল জয়ের সম্ভাবনা এখনও আছে বার্সেলোনার। তবে শেষটা সাফল্যমণ্ডিত করতে কোপা দেল রের ফাইনালে কঠিন পরীক্ষাই দিতে হবে কাতালান ক্লাবটিকে; প্রতিপক্ষ সেভিয়া যে ইউরোপা লিগের হ্যাটট্রিক শিরোপা জয়ের আত্মবিশ্বাসে ভরপুর।
মাদ্রিদের ভিসেন্তে কালদেরনে আগামী রোববার বাংলাদেশ সময় রাত দেড়টায় শুরু হবে স্প্যানিশ কাপ নামে পরিচিত এই প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ম্যাচটি।
শক্তির বিচারে বার্সেলোনা এগিয়ে থাকলেও গত এক দশকে ইউরোপীয় প্রতিযোগিতায় অন্যতম সফল দল সেভিয়াকে ন্যূনতম অবহেলা করার উপায় নেই। এই সময়ে স্পেনের সবচেয়ে পুরানো ক্লাবটি লিগে কোনো সাফল্য না পেলেও অন্যান্য টুর্নামেন্টে দারুণ সফল। মোট ৯ শিরোপা জিতেছে তারা।
লিভারপুলের বিপক্ষে দ্বিতীয়ার্ধে যে ছন্দে লড়াই করেছিল সেভিয়া, তা রোববারের ম্যাচে বয়ে নিতে পারলে নিশ্চিতভাবেই মেসি-নেইমারদের সামনে কঠিন প্রতিরোধ গড়বে দলটি। তাছাড়া এই দুই দলের মধ্যে সবশেষ কোনো ফাইনালের অতীত স্মৃতিও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে। গত অগাস্টে উয়েফা সুপার কাপের ফাইনালের নির্ধারিত সময় ৪-৪ স্কোরলাইনের পর অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটির শেষ দিকে পেদ্রোর গোলে জিতেছিল বার্সেলোনা।
তবে ঠিক সময়েই ঘুরে দাঁড়ায় তারা, টানা পাঁচ ম্যাচ জিতে আট বছরে ষষ্ঠ লিগ শিরোপা ঘরে তোলে দলটি। সেই ছন্দ ধরে রেখে শিরোপা জয়ের আনন্দে মৌসুমের ইতি টানতে মরিয়া বার্সেলোনার সবাই।
সে লক্ষ্যে ফরাসি ডিফেন্ডার জেরেমি মাথিউ বলেন, “অবশ্যই লিগ শিরোপা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে ধারাবাহিকতা ধরে রাখতে হয়। তবে কোপা দেল রেও ক্লাবের লক্ষ্য। এই ফাইনালটিই বাকি আছে। ড্রেসিং রুমের সবাই ডাবল জিততে চায়।”
ইভান রাকিচিতের কণ্ঠেও একই মরিয়া ভাব। তবে লক্ষ্যে পৌঁছাতে কঠিন লড়াই করতে হবে বলেই মনে করেন ২০১১-১৪ পর্যন্ত সেভিয়াতে খেলা ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডারের।
এপ্রিলের হতাশা পেছনে ফেলে লিগের শেষ পাঁচ রাউন্ডে দুর্দান্ত খেলে বার্সেলোনা। এ সময় নিজেদের জাল অক্ষত রেখে মোট ২৪টি গোল করে তারা। এর মধ্যে লুইস সুয়ারেস একাই করেন ১৪টি। লিগে মোট ৪০ গোল করে পিচিচি ট্রফি ও ইউরোপিয়ান গোল্ডেন সু জেতা উরুগুয়ের এই স্ট্রাইকার এ মৌসুমে মোট ৫৯টি গোল করেন। ভালো ফর্মে আছেন আক্রমণভাগের অন্য দুই তারকা মেসি ও নেইমারও।
সেরা তারকাদের ছন্দে থাকার পাশাপাশি পুরো শক্তির দল নিয়ে মাঠে নামার আত্মবিশ্বাসও সঙ্গী বার্সেলোনার। তাই নিশ্চিত ফেভারিটও তারা, তবে লড়াইটা যখন এক ম্যাচের তখন হতে পারে যে কোনো কিছুই।
