জাতীয় জুডোয় লোপা, কারিনা, মাকসুদার সোনা জয়
জাতীয় জুডো চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে মেয়েদের বিভাগে সোনা জিতেছেন তাহমিদা আক্তার লোপা, কারিনা খানম ও মাকসুদা। ছেলেদের চার ইভেন্টে সেরা হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চার জুডোকা হাসানুর রহমান, আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম ও মিল্টন মজুমদার।
বাংলাদেশ জুডো ফেডারেশন শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানায়, চ্যাম্পিয়নশিপের ৩৩তম আসরে প্রথম দিনে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মেয়েদের ৭৮ কেজি প্লাস ওজন শ্রেণিতে সেরা হন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের লোপা।
মেয়েদের বাকি দুই ইভেন্টে অনূর্ধ্ব-৭৮ কেজিতে বাংলাদেশ সেনাবাহিনীর কারিনা খানম ও মহিলা অনূর্ধ্ব-৭০ কেজিতে বাংলাদেশ আনসারের মাকসুদা সেরা হন।
একই দিনে পুরুষ বিভাগের চারটি ইভেন্টের সেরা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জুডোকারা। পুরুষ ১০০ কেজি ঊর্ধ্ব ওজনশ্রেণিতে হাসানুর, অনূর্ধ্ব-১০০ কেজিতে আবুল কালাম, পুরুষ অনূর্ধ্ব-৯০ কেজিতে জাহাঙ্গীর ও অনূর্ধ্ব ৭৩ কেজিতে সেরা হন মিল্টন।
এবারের প্রতিযোগিতায় সারা দেশ থেকে পুরুষ (১০টি) ও মহিলা (৯টি) বিভাগ মিলিয়ে মোট ১৯টি ওজন শ্রেণিতে ২৪টি দলের ২১৪জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।
