শীলার অলিম্পিক কষ্ট
পড়ন্ত দুপুরে সুইমিংপুলের এপাশ-ওপাশে ছুটছেন মাহফুজা খাতুন শীলা। ঘর্মাক্ত মুখে লেগে আছে হাসি। মিরপুরে হওয়া ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতার বাছাইয়ে নিজের উত্তরসূরিদের খুঁজে ফিরছেন তিনিও। ব্যস্ততার ফাঁকে ফেডারেশন-বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগ নিয়ে জানালেন অনেক স্বপ্ন; আশাবাদ। তবে অলিম্পিকে তার যাওয়ার সুযোগ না পাওয়ার প্রসঙ্গ উঠতেই হাসিমাখা মুখে ভর করল রাজ্যের বিষণ্ণতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে স্বপ্ন ভাঙার কথা বলতে গিয়ে ভারী হয়ে উঠল সব শেষ দক্ষিণ এশিয়ান গেমসে দুটি সোনা জেতা এই সাঁতারুর কণ্ঠ।
প্রশ্ন: খুব ছোটাছুটি করছেন। সেরা সাঁতারুর খোঁজে ফেডারেশন-বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগটা কেমন হচ্ছে? আপনাদের সময় তো এ ধরণের উদ্যোগ ছিল না।
শীলা: খুবই ভালো এবং বড় পরিসরের উদ্যোগ। এ ধরণের উদ্যোগ আমার সুইমিং ক্যারিয়ারে কখনও হয়নি। খুবই ভালো লাগছে। ফেডারেশন ও নৌবাহিনীকে অনেক ধন্যবাদ। আমার মনে হয়, যে প্রোগ্রাম তারা হাতে নিয়েছে, যেভাবে তারা এগুচ্ছে, তাতে এখান থেকে আমার মতো ১০টা শীলা নয়, আমার থেকে আরও ভালো ১০টা শীলা বেরিয়ে আসবে।
প্রশ্ন: এখন তো প্রাথমিক বাছাই চলছে। চূড়ান্ত বাছাইয়ের অনেক বাকি। এখনই এতটা আশাবাদী হচ্ছেন কিভাবে?
শীলা: আসলে আমি যতখানি দেখেছি, তাতে আমার মনে হয়েছে ওদের আরও প্রশিক্ষণের দরকার। এখান থেকে যারা উঠে আসবে তাদের যদি টেকনিক্যালি প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে মনে হয় এরা খারাপ করবে না। কেননা আমরা যখন তৃণমূল পর্যায় থেকে বিকেএসপিতে (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) এসেছিলাম, তখন আমাদের অবস্থাও এদের মতোই ছিল। দিনকে দিন এটার উন্নতি হবে। দুই বছর নয়, এদের জন্য আমার মনে হয়, আরও দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার।
প্রশ্ন: সাঁতারু বাছাইয়ের প্রক্রিয়ায় অনেক সময়ই স্বজনপ্রীতির অভিযোগ ওঠে ফেডারেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে। এবার কি অভিযোগমুক্ত বাছাই হবে?
শীলা: বিদেশি কোচ আছে, নৌবাহিনী আছে। এখানে অন্যায় কিছু হবে না বলে আমার আশা। ফেডারেশন বা যারা সদস্য তাদের পরিচিত সাঁতারু থাকতে পারে কিন্তু আমার বিশ্বাস, শেষ পর্যন্ত যোগ্যরাই উঠে আসবে।
প্রশ্ন: নিজের কথা বলুন এবার। কী করছেন? সামনে কি কোনো আসর আছে?
শীলা: এই মুহূর্তে জাতীয় দলের ক্যাম্পে আছি। অনুশীলন করছি। বেশ ব্যস্ত। সামনে কোনো প্রতিযোগিতা নেই। তার পরও অনুশীলন করে যাচ্ছি। নেপালের পরের এসএ গেমসে খেলার ইচ্ছা আছে; সে লক্ষ্য নিয়েই লম্বা সময়ের জন্য প্রস্তুতি নিচ্ছি আর কি।
প্রশ্ন: গত এসএ গেমসে দুটি সোনা জিতলেন। তারপরও অলিম্পিকে যাওয়ার টিকেট মিলছে না। বিষয়গুলো কিভাবে নিচ্ছেন?
শীলা: (দীর্ঘশ্বাস) আসলে যারা ফিনার আসরগুলোয় অংশ নিয়েছে, তাদের ডকুমেন্টগুলো ফিনার কাছে আছে। আমি সাউথ এশিয়ান গেমসে খেলেছি, এটার কোনো ডকুমেন্ট ফিনার কাছে নেই। যদি থাকত তাহলে অবশ্যই আমার সুযোগ থাকত। আবার ফেডারেশন যদি প্রথম দিক থেকে উদ্যোগ নিত, তাহলেও আমার বিশ্বাস আমাকে পাঠানো সম্ভব হতো। এখন আর আমাকে পাঠানো সম্ভব নয়।
প্রশ্ন: কোনোভাবেই কি রিও দে জেনোইরোর অলিম্পিকে যাওয়া সম্ভব নয়?
শীলা: তারপরও অলিম্পিক অ্যাসোসিয়েশন চাইলে আমাকে অলিম্পিকে পাঠাতে পারে। ২০০৪ সালে যেমন শারমীন আপু গিয়েছিল, সে খেলেনি কিন্তু দলের সঙ্গে ছিল। আসলে আমার স্বপ্ন স্বপ্নই থেকে গেলো। এটা খুবই খারাপ লাগার বিষয়। এতে সাঁতারুর মন ভেঙে যায়। মাঝে আমিও হতাশ ছিলাম। ফেডারেশন কেন এমন করল, তারাও তো আমাকে ভালো কিছু অপশন দিতে পারত, এসব ভাবতাম। আমার বিশ্বাস, আমি সাফ গেমস করে আসার পর ফেডারেশন যদি চেষ্টা করত, তাহলে হয়ত হতো।
প্রশ্ন: ভিন্ন প্রসঙ্গে আসি। রনির সঙ্গে জীবনের পুলের জুটিটা কেমন চলছে? সংসার জীবনের ব্যস্ততাই বা কেমন লাগছে?
শীলা: (হাসি) ভালোই চলছে। দুজনেই অনুশীলনের ক্যাম্পে আছি। আসলে পরের সাফ গেমসে খেলার ইচ্ছা আছে; এ জন্যই প্রস্তুতি নিয়ে ব্যস্ত। সংসার জীবন নিয়ে ভাবছি না।
