বাফুফেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরামর্শ ফিফা কর্মকর্তার
ফিফার দেওয়া আর্থিক সুবিধার খুটিনাটি আর সুবিধার পুরোটা পাওয়ার জন্য করণীয়টা জানতে সাঝি প্রভাকরণের সঙ্গে বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির ডেভেলপমেন্ট অফিসার বাফুফেকে বাংলাদেশের সম্ভাবনাময় ফুটবলকে সামনে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাজানোর পরামর্শই দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বাসায় প্রভাকরণের সঙ্গে বৈঠক হয় বাফুফে কর্মকর্তাদের। এরপর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফ পরিদর্শন শেষে বাফুফের উইমেন্স উইংয়ের সঙ্গেও বসেন ফিফার এই আঞ্চলিক কর্মকর্তা।
সালাউদ্দিনের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে প্রভাকরণ সাংবাদিকদের কাছে দীর্ঘমেয়াদী পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন।
“সকালে বাফুফে সভাপতির সঙ্গে আলোচনার পর আমার মনে হয়েছে, তিনি নতুন পারিপার্শ্বিকতায় বাংলাদেশের ফুটবলের জন্য যথাসম্ভব উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে আগ্রহী। যেহেতু এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তাই এ ব্যাপারে ব্যাপক পরিসরে বলা যাচ্ছে না। দুই-তিন মাস পর আমরা আবারও আসবো। তখন হয়তো একটা চুক্তি স্বাক্ষর হবে।”
ঘরোয়া ফুটবলের উন্নতির জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়ানো প্রয়োজন বলে মনে করেন ফিফার এই কর্মকর্তা। জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের দ্বন্দ্বকে ফুটবলের উন্নয়নের অন্তরায় বলে জানান প্রভাকরন।
বাংলাদেশের মহিলা ফুটবল নিয়ে আশাবাদী প্রভাকরণ, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশ মহিলা ফুটবলে যে সাফল্য পেয়েছে, তাতে ফিফার পক্ষ থেকে অভিনন্দন তাদের প্রাপ্য। অনুর্ধ-১৪ দলের দুটি সাফল্য প্রমাণ করে মহিলা ফুটবল নিয়ে বেশ ভালো কাজ করছে বাংলাদেশ।”
ফিফার সর্ব শেষ কংগ্রেসে সদস্য দেশগুলোর অনুদান বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন শর্ত পূরণ করলে সাড়ে ১২ লাখ ডলার পর্যন্ত অনুদান পাওয়ার সুযোগ আছে বাফুফের সামনে।
