২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বপ্ন নিয়ে শুরু ‘সেরা সাঁতারুর খোঁজ’

বড় স্বপ্ন নিয়ে বৃহস্পতিবার শুরু হলো ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতা। মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সের নীল জলে ঢেউ তুলছেন ঢাকার জেলাগুলো থেকে আসা শত শত প্রতিযোগী। তাদের কেউ ফিরেছেন হাসি মুখে, কারো মুখে টিকতে না পারার হতাশা। কেউবা আবার পুলের জলে নামতে পেরেই খুশি।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2016, 07:48 PM

Updated : 11 Oct 2022, 08:15 PM

সব প্রতিযোগিতাই ৫০ মিটার ফ্রি স্টাইলে করা হয়েছে। মেয়েদের ১১-১২ বছর বয়স গ্রুপে সেরা হয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) রুপা খাতুন। কুষ্টিয়ার আমলা থেকে উঠে আসা সপ্তম শ্রেণিতে পড়ুয়া এই সাঁতারু চাওয়া দক্ষিণ এশিয়ান গেমসে দুটি সোনা জেতা মাহফুজা খাতুন শীলাকে ছাড়িয়ে যাওয়ার।

“২০১৪ সালে তিনটা রুপা, দুইটা ব্রোঞ্জ পেয়েছিলাম। ২০১৫ সালে ৫ রেকর্ডসহ ছয়টি সোনা জিতেছিলাম। সেবার সেরা জুনিয়ার সাঁতারুও হয়েছিলাম। এখানেই সেরা হয়ে খুব খুশি লাগছে। শীলা আপু যত দূর গেছে, তার চেয়েও বেশি দূর যাওয়ার স্বপ্ন আমার।”

ছেলেদের ১১-১২ বছর বয়স বিভাগে সেরা হওয়া এনামুল হকও বড় স্বপ্ন দেখছেন, “বাছাইয়ে সবার চেয়ে ভালো করতে পেরে খুব খুশি। অনেক বড় সাঁতারু হওয়ার স্বপ্ন দেখি আমি।”

উত্তরসূরিদের নিয়ে আশাবাদী বিদেশের মাটিতে দেশের মুখ উজ্জ্বল করা শীলা। তার চাওয়া এই উদ্যোগের মাধ্যমে উঠে আসাদের যত্নটা যেন ঠিকঠাক হয়।

“৬৪টি জেলা থেকে ট্যালেন্ট হান্ট করা হবে। একজন সাঁতারু হিসেবে এর চেয়ে ভালো পাওয়া আর হতে পারে না। আমার বিশ্বাস, এদের যদি সঠিকভাবে পরিচর্যা করা হয়, তাহলে আমার মতো আরও অনেক শীলা এখান থেকে বেরিয়ে আসবে।”

২০০৪ সালে পাকিস্তানের এসএ গেমসে সোনা জেতা রুবেল হোসেনও গুরুত্ব দিচ্ছেন নতুনদের পরিচর্যার ওপর।

“এটা খুবই ভালো উদ্যোগ। যারা উঠে আসবে, তাদের ঠিকমতো পরিচর্যা করতে পারলে আমার বিশ্বাস, সাফ গেমস, এশিয়ান গেমস নিয়ে আমাদের চিন্তা করা লাগবে না।”

কোচ পার্ক দে গুন অবশ্য ঘুরে ঘুরে, জহুরির চোখ দিয়ে দেখে আগামী দিনের শিষ্যদের নিজের মতো করে দেখেছেন।  টুকে রাখা নোটগুলো দেখিয়ে সাংবাদিকদের জানালেন, বিকেএসপির সাঁতারুদের বাইরে আরও ১৬ জন নজরে পড়েছে তার।

“বিকেএসপির সাঁতারুরা তো ট্রেনিং প্রাওয়া। আমি চাই নতুন মেধা। নিজের মতো করে তাই ১৬ জন বাছাই করেছি, তারা নতুন ট্যালেন্ট। যাদের বাছাই করা হয়েছে, তাদের নিয়ে আমরা বসব। ওমুকের টাইমিং ভালো। ‍কারো শরীরের গঠন ভালো, কারো কৌশল ভালো-এভাবে দেখে দেখে চূড়ান্ত বাছাই করা হবে। তবে আমার ১৬ জন চূড়ান্ত। এর সঙ্গে আরও অনেকে যোগ হবে পবে।”

অলিম্পিকে নিজ দেশের সাঁতারুদের সাফল্য পাওয়ার নেপথ্যের গল্পটাও এক ফাঁকে শোনালেন দক্ষিণ কোরিয়ার এই কোচ, “আমার দেশে মানুষ সাত কোটি; সেখান থেকে আমরা ১০০ জনকে বাছাই করেছিলাম। দীর্ঘ মেয়াদে অনুশীলন হয়েছিল। তাদের একজন সোনা জিতেছিল বেইজিং অলিম্পিকে। বাংলাদেশে মানুষ ১৬ কোটি। যারা এখানে অংশ নিচ্ছে, এদের মধ্যে থেকেই হীরা উঠে আসতে পারে।”

ভালো কিছু করার, পাওয়ার আশা নিয়েই বাংলাদেশ সুইমিং ফেডারেশনের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সংস্থাটির ক্রীড়া সচিব কমান্ডার মোহাম্মদ শহীদ হাসান জানালেন, ঢাকা থেকে ৪০ জন, বাকি জেলাগুলোর মধ্যে ১৭টি থেকে ২০ জন করে ও বাকি জেলাগুলো থেকে ১০ জন করে ১ হাজার জনের মতো সম্ভাবনাময় সাঁতারু তুলে আনার লক্ষ্য তাদের।

অনলাইনে, মোবাইলে এমনকি যে কেউ প্রতিযোগিতার স্থানে এসেও নিবন্ধন করিয়ে অনেকে পুলে নেমে পড়েছে বলেও জানান হাসান।

“সবার অংশগ্রহনের জন্যই আমরা স্পটেও রেজিস্ট্রেশনের ব্যবস্থা রেখেছি। আজকে মনে হয়, হাজার দুয়েক প্রতিযোগী অংশ নিয়েছে। ঢাকাতে এখানেই শেষ নয়; ২৩ তারিখে আবারও হবে। এরপর আমরা জেলায় জেলায় যাব। ভালো সাড়া পাচ্ছি আমরা।”

বাছাইয়ে বিকেএসপির সাঁতারুদের নিয়ে অবশ্য ঢাকার অনান্য এলাকার কর্মকর্তাদের মধ্যে কিছুটা অতুষ্টি আছে। নবাবগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজা যেমন বললেন, “বাছাইটা পুরোপুরি তৃণমুল থেকে হলে আরও ভালো হতো। আমরা ২০ জন সাঁতারু নিয়ে এসেছিলাম, বিকেএসপির সাঁতারুদের সঙ্গে লড়াই করে তিন জন টিকেছে। অবশ্য তিন জনের টেকাটাও আমার দৃষ্টিতে ভালো ফল।”

বিকেএসপির প্রশিক্ষিত সাঁতারুদের প্রতিযোগিতায় থাকাটা ইতিবাচক হিসেবেই দেখছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রফিজ উদ্দিন, “আমাদের হিসাবটা ঢাকা জেলা; এর মধ্যে বিকেএসপিও আছে। তো আমরা কাউকে প্রতিযোগিতায় অংশ না নেওয়ার বাধ্যবাধকতা দিতে পারি না। বিকেএসপির সাঁতারুদের সঙ্গে প্রতিযোগিতা করে তো এখানে অন্যরাও টিকেছে।”

এই টিকে থাকাদের মধ্যে থেকেই সেরাদের বের করে আনার স্বপ্ন পার্ক দে গুনের, “যদি চার-পাঁচ বছর এদের কোচিং করানো যায়, আশা করি, একটা-দুটো হীরা এর মধ্যে পাব।”