রিয়ালের আগ্রহের পরও ইউভেন্তুসে থাকছেন দিবালা
পাওলো দিবালাকে পেতে স্পেনের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ আগ্রহ দেখিয়েছে বলে খবর বেরিয়েছে। কিন্তু আর্জেন্টিনার এই তরুণ ফরোয়ার্ড স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তিনি ইতালির চ্যাম্পিয়ন ইউভেন্তুসেই থাকছেন।
ইউভেন্তুসকে টানা পঞ্চমবারের মতো সেরি আ শিরোপা জেতাতে এবং ইতালিয়ান কাপের ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন ২২ বছর বয়সী দিবালা।
গত বুধবার খবর বের হয়, দিবালাকে পেতে রিয়ালের দেওয়া ৭/৮ কোটি ইউরোর প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়।
তবে গত বছরের জুনে পালের্মো থেকে ইউভেন্তুসে নাম লেখানো দিবালা বলেন, “আমি এ সম্পর্কে কিছু জানি না, তাই আমি কিছু বলতে পারছি না।”
ইউভেন্তুসে অভিষেকের মৌসুমে ৪৫ ম্যাচ খেলে ২৩ গোল করেন দিবালা; এর মধ্যে দুটি গোল তিনি পান ইতালিয়ান কাপে।
শনিবার কাপের ফাইনালে এসি মিলানের মুখোমুখি হবে ইউভেন্তুস। সুপারকোপার শিরোপা জিতে মৌসুম শুরু করা দলটি শেষটাও শিরোপা জয় দিয়েই করতে চায় বলে জানান দিবালা।
