ওয়ারীর জালে আবাহনীর ১০ গোল
প্রিমিয়ার ডিভিশন হকি লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেয়েছে আবাহনী লিমিটেড। ওয়ারী ক্লাবকে ১০-৩ গোলে উড়িয়ে দিয়েছে তারা। একই দিনে জিতেছে ঢাকা ওয়ান্ডারার্স।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বুধবার আবাহনীর জয়ে শাফকাত রসুল, শাকিল আব্বাসি ও মোহাম্মদ ইরফান দুটি করে গোল করেন। একটি করে গোল মশিউর রহমান বিপ্লব, শেখ নান্নু, খোরশেদুর রহমান ও কাসিফ আলির।
গত আসরে ঊষা ক্রীড়া চক্রের সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হওয়া আবাহনীর চলতি লিগে এটি দ্বিতীয় বড় জয়। বাংলাদেশ রেলওয়ে এসসিকে ১৪-০ গোলে গুঁড়িয়ে দিয়ে লিগ শুরু করেছিল ঘরোয়া হকির ঐতিহ্যবাহী দলটি।
এটি ওয়ারীর টানা দ্বিতীয় হার। ঊষা ক্রীড়া চক্রের কাছে নিজেদের প্রথম ম্যাচে ৪-১ গোলে হেরেছিল দলটি।
দিনের প্রথম ম্যাচে সারোয়ার মোর্শেদের দুটি ও বিশালের এক গোলে আজাদ এসসিকে ৩-২ ব্যবধানে হারায় ঢাকা ওয়ান্ডারার্স। সোনালী ব্যাংক এসআরসিকে ৭-৪ ব্যবধানে হারানো ওয়ান্ডারার্সের এটি টানা দ্বিতীয় জয়।
পারভেজ হোসেন দুই গোল করলেও হার নিয়ে মাঠ ছাড়ে আজাদ। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে ১২-০ গোলে হেরে লিগ শুরু করা দলটি এ নিয়ে দুই ম্যাচ হারল।
