ফ্রান্সকে ভয় পায় না ‘ফেভারিট’ জার্মানি
২০১৪ বিশ্বকাপ জয়ের পর থেকে খুব একটা ভালো করতে না পারেনি জার্মানি। তবে এবারের ইউরোতে নিজেদের ফেভারিটদের মধ্যেই রাখছেন দলটির মিডফিল্ডার মেসুত ওজিল। স্বাগতিক ফ্রান্সকেও তারা ভয় পান না বলে জানিয়েছেন আর্সেনালের এই তারকা।
ব্রাজিল বিশ্বকাপ জয়ের পর জার্মানির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় অবসর নেন। ইউরোর বাছাইপর্বটাও খুব একটা ভালো ছিল না তাদের। মূল লড়াই শুরুর আগে দলে রয়েছে চোটের সমস্যা।
গত মঙ্গলবার ঘোষণা করা জার্মানির ২৭ জনের প্রাথমিক দলে থাকা ওজিল বলেন, “আমি মনে করি, আমরা ফেভারিট অথবা ফেভারিট দলগুলোর একটি। এই কারণে আমরা কাপ জিততেই সেখানে যাব।”
“আমরা জানি, ভালো খেলোয়াড়দের নিয়ে ঘরের মাঠে ফ্রান্স খুব শক্তিশালী দল। আমরা জানি, তাদের বিপক্ষে খেলা সহজ হবে না। কিন্তু আমরা ব্রাজিলে ব্রাজিলের বিপক্ষেও খেলেছি।”
তবে এসব না ভেবে জার্মানি শুধু নিজেদের খেলাতেই মনোযোগ দেবে বলে জানান ওজিল।
