ব্যাংককে লেস্টারকে বীরের সংবর্ধনা
ব্যাংককে নেমেই বীরের সংববর্ধনা পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) নতুন চ্যাম্পিয়ন লেস্টার সিটির কোচ আর খেলোয়াড়রা।
২০১৪-১৫ মৌসুমে কষ্টেসৃষ্টে অবনমন এড়িয়েছিল লেস্টার। সদ্য শেষ হওয়া মৌসুমটাও তারা শুরু করেছিল অবনমন এড়ানোর লক্ষ্য নিয়ে। মৌসুমের শুরুতে ইপিএলের শিরোপা লড়াইয়ে লেস্টারের পক্ষে বাজির দর ছিল ৫০০০:১। বাজি ধরার প্রতিষ্ঠান আর ফুটবল বিশেষজ্ঞদের সব হিসেব পাল্টে দিয়ে সাফল্যের চূড়ায় বসে তারা।
অভাবিত এই সাফল্য উদযাপনের একটা পর্ব ক্লাবটি শেষ করে নিজেদের শহর লেস্টারে। গত সোমবার ২৪ হাজার মানুষের সামনে ছাদ খোলা বাসে শহর প্রদক্ষিণ করে ক্লাবটির খেলোয়াড়, কোচিং স্টাফ আর কর্মকর্তারা।
কোচ ক্লাওদিও রানিয়েরি, অধিনায়ক ওয়েস মর্গ্যানসহ ক্লাবটির খেলোয়াড়, কর্মকর্তারা ব্যাংককের সুবর্নভুমি আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাদের স্বাগত জানায় সেখানে উপস্থিত উৎসবমুখর সমর্থকরা।
মিডফিল্ডার রিয়াদ মাহরেজ, ড্যানি ড্রিংকওয়াটার আর জেমি ভার্ডি অবশ্য এই সফরে যাননি। তিনজনই তাদের জাতীয় দলের সঙ্গে আছেন।
২০ বছর বয়সী এক সমর্থক এএফপিকে বলেন, “আমি এখন অর্ধেক লিভারপুল, অর্ধেক লেস্টার সমর্থক। খুব রোমাঞ্চকর এক মৌসুম ছিল এটা। প্রিমিয়ার লিগ জেতাটা এককথায় দারুণ ছিল।”
ক্লাবের ওয়েবসাইটে মর্গ্যান থাইল্যান্ডে পাওয়া সংবর্ধনাকে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেন।
“অতীতে আমরা যখন থাইল্যান্ডে গেছি, তখন বিশেষ কিছু অভ্যর্থনা পেয়েছি, কিন্তু এর মতো কিছু নয়। এটা অসাধারণ।”
