২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর কাঁধে ভর করে পর্তুগালের ইউরো স্বপ্ন

ক্লাব ফুটবলে প্রায় সব কিছু পাওয়া ক্রিস্তিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ফুটবলে সাফল্যের ভাণ্ডার শূন্য। জাতীয় দলের হয়ে সেই অপূর্ণতা পূরণে এবারের ইউরোয় আরেকটি সুযোগ পাচ্ছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। তারকা এই ফরোয়ার্ডের কাঁধে ভর করে স্বপ্ন দেখছে ২০০৪ আসরের রানার্সআপ পর্তুগাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2016, 07:20 PM

Updated : 12 Apr 2022, 02:05 AM

আগামী ১০ জুন ফ্রান্সে শুরু হতে যাওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য অভিজ্ঞ ও তরুণদের মিশেলে বুধবার ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ ফের্নান্দো সান্তোস।

গত মার্চে বুলগেরিয়ার কাছে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচে অভিষেক হওয়া ১৮ বছর বয়সী মিডফিল্ডার রেনাতো সানচেস ইউরোর দলে জায়গা পেয়েছেন। এ মাসের শুরুতে স্বদেশের ক্লাব বেনফিকা থেকে পাঁচবারের ইউরোপ চ্যাম্পিয়ন জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দেন এই তরুণ ফুটবলার।

কম অভিজ্ঞদের মধ্যে মাঝমাঠে আরও আছেন স্পোর্তিং লিসবনের উইলিয়াম কারভালহো ও ভালেন্সিয়ার আন্দ্রে গোমেস।

আক্রমণভাগে রোনালদোর পাশে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড নানি, সোয়ানসি সিটির এদের ও তুরস্কের ক্লাব বেসিকতাসের রিকার্দো কুয়ারেসমা।

মোনাকোর রিকার্দো কারভালহো, রিয়াল মাদ্রিদের পেপে ও সাউথ্যাম্পটনের জোসে ফন্তের উপস্থিতি দলটির রক্ষণভাগকে বেশ মজবুত ও অভিজ্ঞ করেছে।

আগামী ১৪ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোয় যাত্রা শুরু করবে পর্তুগাল। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও হাঙ্গেরি।