৬ মাসের জন্য আবাহনীর কোচ কোটান
আবারও জর্জ কোটানকে কোচ করে আনছে আবাহনী লিমিটেড। হাঙ্গেরির বংশোদ্ভূত অস্ট্রিয়ান এই কোচকে আপাতত ছয় মাসের জন্য দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছেন দলটির ম্যানেজার সত্যজিৎ দাস রুপু।
গত মৌসুমেও আবাহনীর কোচ ছিলেন কোটান। তবে কোচিং কোর্সের কারণে মৌসুমের শেষ দিকে দায়িত্ব ছেড়ে চলে যান ৬৯ বছর বয়সী সাবেক এই ফুটবলার। দ্বিতীয় দফায় আবাহনীর কোচ হিসেবে কোটান বুধবার থেকে কাজ শুরু করবেন বলে জানান রুপু।
“আগামীকাল ভোরে আসবে সে। আপাতত চুক্তি ছয় মাসের। আমরা আশা করি, ছয় মাসের মধ্যে লিগ শেষ হয়ে যাবে। যদি তা না হয়, তাহলে তিনি চুক্তি নবায়ন করে থেকে যাবেন।”
সব শেষে স্বাধীনতা কাপে আবাহনীর কোচ হন দ্রাগো মামিচ। তবে ক্রোয়েশিয়ার এই কোচ স্ত্রীর অসুস্থতার কারণে দেশে যাওয়ার পর আর ফেরেননি। কোচ অমলেশ সেনের হাত ধরে স্বাধীনতা কাপে রানার্সআপ হয় ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাদী দলটি।
মামিচ চলে যাওয়ার পরই কোচের খোঁজে ছিল আবাহনী। কোটান সম্মতি দেওয়ায় দুই দুইয়ে চার মিলিয়ে নিয়েছে দলটি। তবে দীর্ঘ মেয়াদে চুক্তি না করার বিষয়ে রুপু বলেন, “তাকেও সময় দিতে হবে। আমাদেরও নতুন করে দেখতে হবে। ছয় মাস পর আমরাও সব দেখে শুনে নতুন করে সিদ্ধান্ত নেব।”
বাংলাদেশের ফুটবলে কোচ কোটান খুবই পরিচিত মুখ। ২০০৩ সালে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথম ও এখন পর্যন্ত সর্বশেষ শিরোপাটি বাংলাদেশ জিতেছিল তার হাত ধরেই।
ঘরোয়া ফুটবলে আবাহনী ছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কোচ ছিলেন কোটান।
