তাজিকিস্তান ম্যাচের ক্যাম্প থেকে ছিটকে গেলেন মিশু
এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফ ম্যাচে খেলা হচ্ছে না আতিকুর রহমান মিশুর। পায়ের চোটের কারণে অনুশীলন ক্যাম্প ছেড়েছেন নির্ভরযোগ্য এই ডিফেন্ডার।
প্লে-অফে আগামী ২ জুন দুশানবেতে এবং ৭ জুন ফিরতি লেগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাজিকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এ দুটি ম্যাচের জন্য শুরু হওয়া ক্যাম্পে ছিলেন মিশু। কিন্তু চোট নিয়ে স্বাধীনতা কাপ খেলা এই ডিফেন্ডারের পায়ের অবস্থার উন্নতি না হওয়ার কথা জানান টিম ম্যানেজার সত্যজিৎ দাস রুপু।
“ওর গোঁড়ালির একটু ওপরের দিকে চোট রয়েছে। স্বাধীনতা কাপে সে বুটের ওই জায়গাটা কাটা নিয়ে খেলেছে। ক্যাম্পেও ছিল কিন্তু পরে দেখা গেল, যদি সে ওখানে ফের আঘাত পায়, তাহলে মৌসুমটাই শেষ হয়ে যাবে। তার চেয়ে তিন-চার সপ্তাহ না খেললে যদি চোট সেরে যায়, সেটা দলের এবং মিশুর জন্যও ভালো হবে।”
মঙ্গলবারের অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল জামাল ভূইয়ার। ডেনমার্ক থেকে বুধবার ফিরে দলের সঙ্গে এই মিডফিল্ডার যোগ দেবেন বলে জানান রুপু।
“জামাল ভূইয়াও আগামীকাল আসবে। আজ তার আসার কথা ছিল কিন্তু তার কোনো এক আত্মীয় অসুস্থ বলে আমাদের কাছে সময় চেয়ে নিয়েছে।”
গত বুধবার থেকে সাইফুল বারী টিটোর অধীনে শুরু হয়েছে ক্যাম্প। মঙ্গলবার ভোরে ঢাকায় পা রাখা প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ বিকালেই দায়িত্ব বুঝে নিয়েছেন।
